কলোম্বো, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকা নাগরিক অধিকার লঙ্ঘন করছে অভিযোগে সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগের প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে কলোম্বো।
এ সমস্ত অভিযোগ ঠিক নয় এবং অজ্ঞাতপরিচয় সূত্রের তথ্যের ভিত্তিতে এটি করা হয়েছে বলে শ্রীলংকা অভিযোগ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের বার্ষিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে শ্রীলংকায় গতবছর ২৫ বছরের গৃহযুদ্ধাবসানের লড়াইয়ে সরকার ও তামিল টাইগার গেরিলা উভয়ের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
সরকারি বাহিনী এবং পরাজিত তামিল টাইগার দুয়ের বিরুদ্ধেই লড়াইয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং বেসামরিক নাগরিকদের অপব্যবহারের অভিযোগ করা হয়েছে।
এ অভিযোগের প্রতিক্রিয়ায় শ্রীলংকার দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবাধিকার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "প্রতিবেদনটি ঐতিহাসিক পটভূমির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আগের রিপোর্টগুলোতে যা বলা হয়েছে এতে তারই পুনরাবৃত্তি করা হয়েছে। প্রকৃত সত্য যাচাই না করেই এতে অনাবশ্যক অভিযোগ এবং ঢালাও মন্তব্য করা হয়েছে। "
তাছাড়া, প্রতিবেদনটি অনামা বিভিন্ন এনজিও, আন্তর্জাতিক তথ্যসূত্র, মানবাধিকার গ্র"প, পর্যবেক্ষক এবং অন্যান্য অজ্ঞাতপরিচয় সূত্রের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে বলে অভিযোগ করেছে শ্রীলংকা।
মানবাধিকার গ্র"প ও পশ্চিমা দেশগুলো এলটিটিই'র বিরুদ্ধে যুদ্ধে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর জবাবদিহিতার জন্য শ্রীলংকাকে চাপ দিয়ে আসছে। তবে শ্রীলংকা সরকার তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৮ ঘ.
bdnews24