সানা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আল-কায়েদা অবস্থানে চালানো বিমান হামলায় রোববার দুই শীর্ষ জঙ্গি নিহত হয়েছে। তারা হামলার পরিকল্পনা করছিল। ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা একথা বলেছেন।
কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, "ইয়েমেনের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সন্ত্রাসী অভিযানের পরিকল্পনা করার সময় বিমান হামলায় শীর্সস্থানীয় ওই দুই আল কায়েদা জঙ্গি নিহত হয়।"
অধিবাসীরা এর আগে রয়টার্সকে জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আবেয়ান প্রদেশে চালানো ওই বিমান হামলায় ২০ জন নিহত হয়ে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী বিমানে বোমা হামলা প্রচেষ্টার পর ইয়েমেন আল কায়েদার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে তেল ও গ্যাস ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করেছে।
সৌদি আরব ও পশ্চিমা মিত্রদের আশঙ্কা, আল কায়েদা ওই অঞ্চল ও এর বাইরে জঙ্গি হামলার জন্য দলে লোক ভেড়াতে এবং জঙ্গিদের প্রশিক্ষণ দিতে ইয়েমেনে অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে।
ইয়েমেনের ক্ষমতাসীন পার্টির একটি ওয়েবসাইটে বলা হয়েছে, এই এলাকায় (আবেয়ান) আল-কায়েদা জঙ্গিদের তৎপরতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৯ ঘ.
bdnews24