২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ফ্যালকন ৯' এর পরীক্ষামুলক সফল উৎক্ষেপণ

স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস (স্পেস এক্স) কোম্পানি শনিবার 'ফ্যালকন ৯' নামের একটি রকেটের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 08:32 AM

Updated : 24 Aug 2022, 07:34 PM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজিস (স্পেস এক্স) কোম্পানি শনিবার 'ফ্যালকন ৯' নামের একটি রকেটের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, কক্ষপথে মালামাল ও নভোচারী বহনের জন্য বেসরকারিভাবে তৈরি মহাকাশযানের ফ্লাইট উদ্বোধনের জন্য এই পরীক্ষা একটি মাইলফলক। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশনের উৎক্ষেপণ মঞ্চ থেকে থেকে রকেটটি মহাকাশে পাঠানো হয়। যথাযথ কনফিগারড ভালভ না থাকায় গত সপ্তাহে এ রকেটটির পরীক্ষামূূলক উৎক্ষেপণ করা যায়নি। ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্পেস এক্স-এর পরিচালিত এই সফল পরীক্ষা ফ্যালকন ৯ এর প্রথম মহাকাশ মিশনে যাওয়ার পথ নিশ্চিত করেছে। কেনেডি স্পেস সেন্টারে মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চের দক্ষিণে স্থাপিত উৎক্ষেপণ মঞ্চ থেকে আগামী ১২ এপ্রিল এটি উৎক্ষেপণের কথা রয়েছে। স্পেস এক্স'র মালিক ও পরিচালনাকারী হলেন ইন্টারনেট উদ্যোক্তা এলন মাসক। মহাকাশ স্টেশনের জন্য ফ্যালকন ৯ রকেট ও ড্রাগন ক্যাপসুল তৈরি এবং উৎক্ষেপণের জন্য নাসার সঙ্গে স্পেস এক্স'র ইতোমধ্যেই প্রায় ১ হাজার ৯ শ কোটি ডলারের চুক্তি রয়েছে। গত সপ্তাহে রকেটটির উৎক্ষেপণ পিছিয়ে যাওয়ার পর এক ই-মেইল বার্তায় স্পেস এক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাস্ক বলেন, "এই মুহুর্তে আমরা যা করতে যাচ্ছি সেটা 'বেটা টেস্টিং'র সমতুল্য। কোনো রকেট কক্ষপথে একবার অথবা সম্ভবত পরপর দুই বা তিনবার উৎক্ষেপণের পরই বেটা পর্যায় শেষ হয়।" বিমান বাহিনীর কাছ থেকে ফ্যালকন ৯ এর জরুরি অবতরণ পদ্ধতির অনুমতি পাওয়ার জন্য স্পেস-এক্স এখন অপেক্ষায় আছে। এদিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রী আনা নেওয়া করতে স্পেস এক্স এর মতো ব্যক্তিমালিকানাধীন কোম্পানিকে মহাকাশযান তৈরিতে সহায়তা করতে আগামী ৫ বছরের জন্য মহাকাশ সংস্থা নাসার বাজেটে ৬ শ কোটি ডলার যুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের মহাকাশ পরিকল্পনা নিয়ে আগামী মাসে ফ্লোরিডায় আলোচনায় বসার পরিকল্পনাও করছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৪১৫ঘ.