২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে সামরিক ঘাঁটি অভিমুখে বিক্ষোভকারীদের যাত্রা

থাইল্যান্ডে সরকার বিরোধী লাল সার্ট পরা হাজার হাজার বিক্ষোভকারী সোমবার ব্যাংককে সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হয়। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাভিজার সংকটকালীন সদরদপ্তর এই সামরিক ঘাঁটিতে অবস্থিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 05:39 AM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ব্যাংকক, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকার বিরোধী লাল সার্ট পরা হাজার হাজার বিক্ষোভকারী সোমবার ব্যাংককে সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হয়। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাভিজার সংকটকালীন সদরদপ্তর এই সামরিক ঘাঁটিতে অবস্থিত। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক বিক্ষোভকারীরা রোববার অভিজিত ভেজ্জাভিজার সরকারকে নির্বাচন ঘোষণা করার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। দাবি মানা না হলে তারা আরও বড় বিক্ষোভ প্রদর্শণ ও ব্যাংকক অচল করে দেওয়ার ঘোষণা দেয়। সেনাবাহিনীর সমর্থনপুষ্ট প্রধানমন্ত্রী ভেজ্জাভিজার সরকারের বিরোধীরা শুক্রবার এই কর্মসূচি শুরু করে। তারা লাল সার্ট পরে বিশাল সমাবেশ করার উদ্দেশ্যে ব্যাংকক অভিমুখে যাত্রা করে। রোববার পর্যন্ত প্রায় দেড় লাখ বিক্ষোভকারী ব্যাংককে এসে জড়ো হয়। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। দেশের উত্তরাঞ্চল থেকে ট্রাক, পিকআপ, মটর সাইকেল ও ভ্যানে করে তার হাজার হাজার সমর্থক ব্যাংককে এসে পৌছায়। আরও বহু সমর্থক ব্যাংককের পথে রয়েছে। কর্মকর্তারা জানান, বিক্ষোভকারীদের ভিড়ে ব্যাংকক প্রায় অচল হয়ে পড়েছে। সোমবার স্থানীয় সময় সকাল ৯ টার আগেই তারা ব্যাংককে তাদের জমায়েতস্থলগুলো থেকে মোটরসাইকেল, পিকআপ ও বিভিন্ন যানবাহনে করে ওই সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হতে শুরু করে। দুপুরের দিকে সেখানে তাদের সমবেত হওয়ার কথা। বিক্ষোভকারীদের সংগঠন ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্র্যাসি এগেইনস্ট ডিকটেটরশিপ (ইউডিডি)-এর একজন নেতা নাত্তাওয়াত শাইকুয়া বলেন, "আমরা সামরিক ঘাঁটির দিকে যাচ্ছি। আমরা অভিজিতের নিজের মুখ থেকে জবাব চাই" কর্মকর্তারা জানান, ব্যাংককের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যে কোন সময় সহিংসতা শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১২০ঘ.