ব্যাংকক, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের সেনাবাহিনীর সমর্থনপুষ্ট সরকারের বিরোধী হাজার হাজার প্রতিবাদকারী রোববার ব্যাংককে জড়ো হয়ে আল্টিমেটাম দিয়েছে - হয় নির্বাচন, নয় গণআন্দোলন।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রায় ৮০ হাজার সমর্থক লাল শার্ট পরে শনিবার ব্যাংককে পৌঁছাতে শুরু করে। থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।
থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের অনেকেই দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে ট্রাক, পিকআপ, মটর সাইকেল এবং ভ্যানে চড়ে রাজধানী ব্যাংককে আসছে। আরও হাজার হাজার সমর্থক ব্যাংককের পথে রয়েছে।
লাল শার্ট পরিহিত সরকারবিরোধীরা হাতে লাল পতাকা বহনের পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নানা শ্লোগান ও গান ধরে।
রোববার আয়ুধুত্য প্রদেশ থেকে আরও হাজার হাজার প্রতিবাদকারী নৌকা করে রাজধানীতে এসে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে।
এই বিক্ষোভে সহিংসতা হতে পারে ভেবে বিনিয়োগকারীরা আতঙ্কে আছে।
তবে এরপরও থাইল্যান্ডের অর্থনীতির চাকা ভালোভাবেই সচল রয়েছে। থাই স্টক মার্কেটে বিদেশি বিনিয়োগকারীরা এ বছর পাঁচশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যার বেশির ভাগই চলতি মাসে। শুক্রবার শেয়ার বাজারে সূচক ১ শতাংশ বৃদ্ধি পায়।
প্রতিবাদকারীরা প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার ওপর অব্যাহতভাবে চাপ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে অভিজিৎ পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচনের ঘোষণা দেন।
সরকার নির্বাচন না দিলে তারা ২০ কিমি দীর্ঘ ব্যাংককের প্রধান সড়ক রাচাদামনয়েম রোডে আরও প্রতিবাদ করবে।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক থাউইল প্লিয়েস্রি রয়টার্সকে বলেন, "বিক্ষোভকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে মনে হচ্ছে।"
তবে বিক্ষোভকারী নেতারা জানিয়েছেন, শনিবার রাতেই প্রতিবাদকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
প্লিয়েস্রি বলেন, "নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কবস্থায় রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে।"
প্রায় ৪০ হাজার সেনা ও পুলিশ ব্যাংককের রাস্তায় মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩৪৭ঘ.
bdnews24