মস্কো, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তির ব্যাপারে 'সর্বোচ্চ পর্যায়ে সমঝোতা' হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সন্তোষ প্রকাশ করেছেন।
এই চুক্তি স্বাক্ষরে দিনক্ষণ ঠিক করার জন্য এখন আলোচনা করা সম্ভব। ক্রেমলিন শনিবার একথা জানায়।
নিজ নিজ দেশের পরমাণু অস্ত্রের মজুদ কমাতে নতুন একটি চুক্তির জন্য রাশিয়া ও যুক্তরাষ্ট্র প্রায় এক বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য এ চুক্তিকে মস্কোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটনের নেওয়া উদ্যোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে নিয়মিত আলোচনায় শনিবার প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট মেদভেদেভ কথা বলেন। সম্ভাব্য চুক্তির মৌলিক বিষয়গুলোতে সর্বোচ্চ পর্যায়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়, চুক্তিটিতে দুই প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য তারিখ নির্ধারণের বিষয়ে আলোচনা করার সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ চুক্তি স্বাক্ষর হতে পারে সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
এদিকে ওবামা ও মেদভেদেভের মধ্যে 'ভালো আলোচনা' হয়েছে বলে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র মাইক হ্যামার ।
তিনি বলেন, "দুই নেতা শিগগিরই চুক্তি করার বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ হয়েছেন।"
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের শাসনামলে দুদেশের মধ্যে যে তিক্ততার সৃষ্টি হয়েছিল তা দূর করতে ওয়াশিংটন উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে গত বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট মেদভেদেভ আলোচনায় বসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১৩০৫ঘ.
bdnews24