২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাহারে দফায় দফায় বোমা, নিহত ৩০

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে শনিবার দফায় দফায় বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও বিপুল সংখ্যক লোক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 06:28 AM

Updated : 24 Aug 2022, 07:33 PM

কান্দাহার, আফগানিস্তান, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে শনিবার দফায় দফায় বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও বিপুল সংখ্যক লোক আহত হয়েছে। কান্দাহার শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় এই বোমা হামলা হয়। তালেবান বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, এটা আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনীর জন্য একটা সতর্ক সংকেত। তারা আত্মঘাতী বোমা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যে অঞ্চলে তালেবানের শক্ত ঘাঁটি কান্দাহার শহরটি তার কেন্দ্রস্থলে। এবছর ন্যাটো বাহিনীর পরবর্তী অভিযানের লক্ষ্যস্থল হচ্ছে কান্দাহার। কান্দাহারে কর্মকর্তারা বলেছেন, শহরের উপকণ্ঠে কারাগার লক্ষ্য করেও হামলা চালানো হয়। দুবছর আগে এই কারাগার ভাঙ্গার উদ্দেশ্যে তালেবানরা বোমা হামলা চালিয়েছিলো। কান্দাহারের প্রধান হাসপাতালের প্রধান আবদুল কাইয়ুম পুখলা জানান, পুলিশ ও বেসামরিক নাগরিকসহ ২৭ টি মৃতদেহ এবং ৫২ জন আহত লোককে তাদের হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। প্রাদেশিক পরিষদের প্রধান ও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎ ভাই আহমেদ ওয়ালি কারজাই রয়টার্সকে বলেন, "হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।" তিনি জানান, কান্দাহারের পুলিশ প্রধানের কার্যালয় লক্ষ্য করেও বোমা হামলা হয়েছে। বোমার বিষ্ফোরণে ওই কার্যালয় সংলগ্ন একটি বিয়েবাড়ির লোকজন হতাহত হয়। ওয়ালি কারজাই আরও জানান, তার বাসভবন লক্ষ্য করে দু দফা বোমা হামলা হয়। এর একটি ছিলো মোটরসাইকেল বোমা। বোমা বাধা মোটরসাইকেলটি তার বাসভবনের কাছে পার্ক করে রাখা হয়েছিলো। তালেবান তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা বলেছে, কান্দাহারে বড় পরিসরে অভিযানের পরিকল্পণাকারী ন্যাটো কমান্ডারদের জন্য 'সতর্ক বার্তা' হিসেবে তারা এই বোমা হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২১৫ঘ.