২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৫ বছর পর টেমস টানেল উন্মুক্ত

লন্ডনের টেমস নদীর তলদেশে মহারাণী ভিক্টোরিয়ার শাসনামলে নির্মিত ঐতিহাসিক সুড়ঙ্গ পথটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে তা মাত্র দুদিনের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 07:30 PM

লন্ডন, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনের টেমস নদীর তলদেশে মহারাণী ভিক্টোরিয়ার শাসনামলে নির্মিত ঐতিহাসিক সুড়ঙ্গ পথটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে তা মাত্র দুদিনের জন্য। তৎকালীন অষ্টম আশ্চর্য হিসেবে বিবেচিত এই সুড়ঙ্গ পথটি ১৪৫ বছরে এই প্রথম জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হলো। টেমস টানেল নামে পরিচিত সুড়ঙ্গ পথটি রদারহাইদ এবং ওয়াপিং অঞ্চলকে সংযুক্ত করেছে। মার্ক ব্র"নেল ও তার ছেলে ইস্যামবার্ড ১৮২৫ থেকে ১৮৪৩ সালের মধ্যে টানেলটি নির্মাণ করেন। বিপুল সংখ্যক নৌযান চলাচলকারী নদীর তলদেশে এটাই প্রথম সফলভাবে নির্মিত সুড়ঙ্গ পথ। এটি নির্মিত হওয়ার পর অতি দ্রুত এর খ্যাতি ছড়িয়ে পড়ে এবং এটি অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়। বিপুলসংখ্যক মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এটি। ১৮৬৯ সালে এই সুড়ঙ্গ পথে পূর্ব লন্ডনের সঙ্গে টিউব লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। উন্নয়ন কাজের জন্য ২০০৭ সালের ডিসেম্বরে টানেলটি বন্ধ করে দেওয়া হয়। ৩৬৯ মিটার দীর্ঘ টানেলটি উন্মুক্ত করায় জনসাধারণ এটি পায়ে হেটে দেখার সুযোগ পাচ্ছেন। লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, "পূর্ব লন্ডন ট্রেন লাইন নতুন করে চালু করার আগে জনসাধারণ টেমস টানেলটি ঘুরে দেখার অসাধারণ এক সুুযোগ পাচ্ছেন।" জনসন আরো বলেন, "বিশ্বব্যাপী যে পাতাল রেল ও মেট্রো ব্যবস্থা চালু আছে তার সুচনা করেছিলো এই টানেলটি-এতে কোন সন্দেহ নেই। এই সুড়ঙ্গ পথ দিয়েই লোকজন বাইসাইকেল চালিয়ে পুরনো ও নতুন লন্ডনের মধ্যে যাতায়াত করত। এ এক অসাধারণ ঘটনা।" সুড়ঙ্গ পথটি জনসাধারণের জন্য ১২ ও ১৩ মার্চ খোলা থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৭৫০ঘ.