২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫

পাকিস্তানের লাহোরে শুক্রবার সামরিক বাহিনীকে লক্ষ্য করে চালানো দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 12:11 PM

Updated : 24 Aug 2022, 07:29 PM

লাহোর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের লাহোরে শুক্রবার সামরিক বাহিনীকে লক্ষ্য করে চালানো দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০০ জন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রাদেশিক পুলিশ প্রধান তারিক সালিম দোগার সাংবাদিকদের বলেন, দুই আত্মঘাতী হামলাকারী ১৫ থেকে ২০ সেকেন্ড সময়ের মধ্যে পায়ে হেটে এসে এ হামলা চালায়। লাহোরের ভারত সীমান্তে সামরিক ঘাঁটির কাছে চালানো এ হামলায় ৯ সেনা নিহত হয়েছে। সামরিক কর্মকর্তারা একথা জানিয়েছেন। রয়টার্সের এক চিত্রগ্রাহক জানান, সেনারা বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন বাড়িঘরের ছাদেও সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে বলেও জানান তিনি। উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধারের জন্য স্ট্রেচার নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শফিক সাংবাদিকদের বলেন, দুই হামলাকারীরই ছিন্ন মাথা পাওয়া গেছে। তালেবানবিরোধী দমনাভিযানে জঙ্গি তৎপরতা কমে আসার সরকারের দাবি ভুল প্রমাণ করেছে এ হামলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ ঘ.