ওয়াশিংটন, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার নোবেল পুরস্কারের ১৪ লাখ ডলার ১০টি দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিচ্ছেন। বৃহস্পতিবার তিনি এ দশটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছেন।
যে প্রতিষ্ঠানগুলো যুদ্ধাহত প্রবীণ সেনা থেকে শুরু করে হাইতির ভূমিকম্প বেঁচে যাওয়াদের পাশাপাশি সংখ্যালঘুদের মধ্যে শিক্ষা বিস্তারের কাজ করে আসছে।
এক বিবৃতিতে ওবামা বলেন, "যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরের ছাত্র, প্রবীণ সেনা এবং অভাবীদের মধ্যে এসব প্রতিষ্ঠান অসাধারণ কাজ করে যাচ্ছে।"
গত বছর অপ্রত্যাশিতভাবে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ওবামা এর অর্থ দান করার অঙ্গীকার করেছিলেন। তবে অর্থ দান করার জন্য তিনি যে প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছেন তার মধ্যে কোনও কোনও টি রাজনৈতিক দিক থেকে দেশের নির্বাচনী আসন হিসাবে গুরুত্বপূর্ণ।
হোয়াইট হাউস জানায়, এর মধ্যে এককভাবে আড়াই লাখ ডলার পাচ্ছে যুদ্ধাহত প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফিশার হাউস।
এরপর ২ লাখ ডলার পাবে হাইতির ভূমিকম্প বিধ্বস্ত জনগণের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ বুশের গড়া ক্লিনটন-বুশ হাইতি ফান্ড। হাইতির জনগণের সাহায্যার্থে ওবামার অনুরোধে এ ফান্ড গঠন করা হয়।
এরপর আরও আটটি দাতব্য প্রতিষ্ঠান ওবামার নোবেল পুরস্কারের অর্থ পাচ্ছে।
কলেজে ছাত্র উপস্থিতির হার বাড়াতে কাজ করে যাওয়া কলেজ সামিট পাবে ১ লাখ ২৫ হাজার ডলার, হাই স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান পোসে ফাউন্ডেশন পাবে ১ লাখ ২৫ হাজার ডলার।
এরপর যথাক্রমে ইউনাইটেড নেগ্রো কলেজ ফান্ড ১ লাখ ২৫ হাজার ডলার, হিস্পানিক স্কলারশীপ ফান্ড ১ লাখ ২৫ হাজার ডলার, আমেরিকান ইন্ডিয়ান কলেজ ফান্ড ১ লাখ ২৫ হাজার ডলার, এপলেশিয়ান লিডারশীপ এন্ড এডুকেশন ফাউন্ডেশন ১ লাখ ২৫ হাজার ডলার, আফ্রিকায় স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পানি সরবরাহ নিয়ে কাজ করে যাওয়া আফ্রিকেয়ার ১ লাখ ডলার এবং সেন্ট্রাল এশিয়ান ইন্সটিটিউট পাবে ১ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭০৯ ঘ.
bdnews24