কলম্বো, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী সাবেক সেনাপ্রধান জেনারেল শরৎ ফনসেকার কোর্ট মার্শাল শুরু হচ্ছে আগামী সপ্তাহে।
চাকরিতে থাকাবস্থায় রাজনীতিতে জড়ানো এবং অসদুপায় অবলম্বনের অভিযোগে তাকে এ বিচারের মুখোমুখি করা হচ্ছে। কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
গত ৮ ফেব্র"য়ারি ফনসেকাকে গেপ্তার করে সেনাবাহিনী। গ্রেপ্তারের প্রতিবাদে ফনসেকার সমর্থকরা রাস্তায় নামে।
সেনাবাহিনীর মুখপাত্র প্রসাদ সামারাসিঙ্গে রয়টার্সকে বলেন,"দুটো সামরিক আদালতে তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। একটি চাকরিতে থাকাবস্থায় রাজনীতিতে জড়ানো এবং অন্যটি অসদুপায় অবলম্বন করে সামরিক বিধি লঙ্ঘন।"
সামারাসিঙ্গে জানান, সামরিক আদালতে ফনসেকার প্রথম বিচার হবে ১৬ মার্চ। দ্বিতীয়টি হবে ১৭ মার্চে। তবে তিনি মামলা প্রক্রিয়ার সময়সীমা সম্পর্কে কিছু বলতে পারেননি। বিচারকালে জনগণ ও গণমাধ্যমের প্রবেশ নিষেধ বলে জানান তিনি।
বিদ্রোহী তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন ফনসেকা এবং প্রেসিডেন্ট রাজাপাকসে। কিন্তু পরে তাদের সম্পর্কের অবনতি ঘটে।
জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসের কাছে ১৮ শতাংশ ভোটে পরাজিত হয়েও ফনসেকা প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ করেন।
ফনসেকা অভ্যুত্থানের চক্রান্ত করছেন ধারণা করে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরপরই তার সমর্থকরা রাস্তায় নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধ্বস নামে শেয়ার বাজারে। তবে সে ধাক্কা সামলে উঠেছে শ্রীলংকা।
আগামী ৮ এপ্রিল শ্রীলংকায় পার্লামেন্ট নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২১০১ ঘ.
bdnews24