২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির দলকে আঞ্চলিক কার্যালয় খোলার অনুমতি

মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) আঞ্চলিক কার্যালয় খোলার অনুমতি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 09:07 AM

Updated : 24 Aug 2022, 07:28 PM

ইয়াংগুন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ দেশের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) আঞ্চলিক কার্যালয় খোলার অনুমতি দিয়েছে। এনএলডির মুখপাত্র নিয়ান উইন বৃহস্পতিবার বলেন, এখন পর্যন্ত আমরা যা জেনেছি তাতে সারা দেশে দলের প্রায় ১০০ শাখা কার্যালয় খোলা হয়েছে। ২০০৩ সালের মে মাসে সামরিক কর্তৃপক্ষের সমর্থকরা অং সান সু চির গাড়িবহরে হামলা চালানোর পর সামরিক জান্তা সারা দেশে এনএলডির কার্যালয় বন্ধ করে দেয়। ওই হামলায় এনএলডির অনেক কমী ও সমর্থক নিহত হয়। এনএলডির কার্যালয় খোলার অনুমতি দেয়ায় নিয়ান উইন সামরিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। উইন বলেন, "এটা একটা ইতিবাচক পদক্ষেপ। তারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ চায় বলে আমি মনে করি। তবে আমরা নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে এখনও মনস্থির করিনি।" তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে দলের নেত্রী অং সান সু চিসহ শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে আমরা আলোচনার অপেক্ষায় আছি।" সামরিক জান্তা এ বছরই কোন এক সময় নির্বাচন করতে চায়। এ সপ্তাহে জান্তা সরকারি গণমাধ্যমে নির্বাচন সম্পর্কিত নানা আইনের কথা প্রচার শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫০২ঘ.