ওয়াশিংটন, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে দিয়েছে। বুধবার এই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।
প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির কয়েকজন সদস্য অফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার প্রস্তাবকে সমর্থনও করেন। কিন্তু প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি সর্বসম্মতভাবে নাকচ হয়ে যায়।
লিবারেল ডেমোক্রেটিক রিপ্রেজেনটেটিভ ডেনিস কুচিনিকের তৈরি করা প্রস্তাবটি বুধবার প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। পরিষদের ৩৫৬ জন সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। পক্ষে ভোট দেন মাত্র ৬৫ জন। প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থক কয়েকজন ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটিকে সমর্থন করেন।
বারাক ওবামা ২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করার পরিকল্পণা করেছেন। লিবারেল ডেমোক্র্যাটদের অনেকেই এ যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতি নয়।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই আগামী বছরের শেষ নাগাদ ইরাক থেকে সৈন্য ফিরিয়ে আনার পরিকল্পণা করেছে।
ডেনিস কুচিনিকের সমর্থকরা বলেছেন, আফগানিস্তানে প্রায় ৯ বছর ধরে চলা যুদ্ধ অব্যাহত থাকবে কি না সে ব্যাপারে প্রতিনিধি পরিষদ সদস্যদের বিবেচনা করার এখনই সময়। এই যুদ্ধে প্রায় এক হাজার মার্কিন সৈন্য নিহত হয়েছে এবং কোটি কোটি ডলার ব্যয় হয়েছে।
প্রস্তাবের বিরোধীরা বলেন, আফগানিস্তানের কর্তৃপক্ষ দেশটিতে যতদিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত সেখান থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করতে পারবে না। কারণ, সেখান থেকে সৈন্য প্রত্যাহার করা হলে তালেবান সেখানে নিরাপদ জায়গা হিসেবে আল-কায়দাকে আশ্রয় দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২২০ঘ.
bdnews24