নাইজেরিয়া, মার্চ ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতার জের ধরে রোববার খ্রিস্টান অধ্যুষিত একটি গ্রামে মুসলিম উগ্রপন্থীদের হামলায় তিনশতাধিক লোক নিহত হওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লেটেও প্রদেশের রাজধানী হোস-এর দক্ষিণে দোগো নাহাওয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, গত জানুয়ারিতে খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার জের ধরে এই প্রতিশোধমুলক হামলা হয়েছে।
প্লেটেও প্রদেশের তথ্য বিষয়ক কমিশনার গ্রেগরি ইয়েনলং বলেছেন, এই হামলায় নারী ও শিশুসহ তিনশ জনেরও বেশি নিহত হয়েছে।
নিরাপত্তা বাহিনীকে সতর্কবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। জোসে শহরে টহল দিচ্ছে সেনারা। প্লেটেও প্রদেশের তথ্যবিষয়ক কমিশনার গ্রেগরি ইয়েনলং বলেছেন, "সেনারা সব জায়গায় টহল দিচ্ছে এবং সব জায়গাই শান্ত রয়েছে। আমরা ৫০০ মানুষ নিহত হয়েছে বলে হিসাব করছি। কিন্তু এ সংখ্যা তার একটু বেশিই হতে পারে বলে আমি মনে করি।"
সাহায্যকর্মীরা মৃতের সংখ্যার প্রকৃত হিসাব বের করার চেষ্টা করছে। তবে পুলিশের মুখপাত্র মোহাম্মদ লারমা বলেছেন, সরকারি হিসাবে নিহতের সংখ্যা এ পর্যন্ত ৫৫ জনে দাঁড়িয়েছে।
গ্রামবাসীরা জানায়, স্থানীয় সময় রোববার ভোর রাত তিনটার দিকে হাওসা ফুলানি মুসলিম উগ্রপন্থীরা আশপাশের পাহাড় থেকে খ্রিস্টান অধ্যুষিত দোগো নাহাওয়া গ্রামে এসে হামলা চালায়। তারা দল বেঁধে মশাল ও আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়।
হামলাকারীরা গ্রামবাসীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
রেডক্রসের একজন কর্মকর্তা জানান, দোগো নাহাওয়া গ্রামের পাশের আরও দুটি এলাকায় হামলা হয়েছে। তিনি বলেন, মৃতের সংখ্যা কত হতে পারে তা সে সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি কেবল দোগো নাহাওয়া গ্রামেই ১ শ ২০ টি মৃতদেহ দেখেছেন। আরও অনেক মৃতদেহ হোস শহরে মারচুয়ারিতে পাঠানো হয়েছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী আরও জানান, অনেক মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। অনেক মৃতদেহের মুখমণ্ডল ছিলেঅ আগুনে পোড়া। অনেককে গুলি করে মারা হয়েছে।
গত জানুয়ারিতে হোস শহর ও আশপাশ এলাকায় মুসলিম-খ্রিস্টান সাম্প্রদায়িক দাঙ্গায় দুশ জনেরও বেশি নিহত হয়। এরপর থেকে শহরটিতে সান্ধ্য আইন বলবৎ রয়েছে।
নাইজেরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট গুডলাক জনাথন এই হামলায় জড়িতদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কবস্থায় থাকায় নির্দেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআর/কেএমএস/এলকিউ/
bdnews24