নয়াদিল্লি, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এশিয়া প্যাসিফিক অঞ্চলে নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা খুবই সীমিত। উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর প্রভাব পড়ছে।
সোমবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘের 'এশিয়া প্যাসিফিক হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট' এ বলা হয়েছে, সহিংসতা থেকে নারীদের সুরক্ষায় কিংবা তাদের সম্পত্তির অধিকার অক্ষুন্ন রাখার ক্ষেত্রে এ অঞ্চল বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান হেলেন ক্লার্ক বলেছেন, "এ রিপোর্টের মূল বার্তা হচ্ছে, সমাজের নির্ধারিত উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করা। আর এজন্য দরকার নারীদের পূর্ণ অংশগ্রহণ।" রয়টার্স একথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, "আসলে ব্যাপার হচ্ছে, নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলে তারা যে সমাজে বাস করে তার জন্য এটি খুবই ভাল হবে, অর্থনীতির জন্য ভাল হবে। সুতরাং অনেক ক্ষেত্রই আছে যেসব ক্ষেত্রে আমাদের উচিত নারীদের জন্য সমানাধিকার প্রতিষ্ঠা করা।"
রিপোর্টে বলা হয়েছে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের অভাবে এ অঞ্চলে বছরে প্রায় ৮৯ বিলিয়ন ডলার ব্যয় হয়।
রিপোর্টে আরও বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলের নারীরা উন্নত শিক্ষা, স্বাস্থ্য ও সমৃদ্ধির সুযোগ সুবিধা পেলেও একইরকম সুযোগ সুবিধার ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা প্রতিবন্ধকতার মুখে রয়েছে।
কেবল চাকরির হারই নয়, রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব এবং নারীদের সম্পত্তির মালিকানাও বিশ্বের এ অঞ্চলে সবচেয়ে কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24