তেহরান, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহ্মুদ আহমাদিনেজাদ সোমবার আফগানিস্তান সফরে যাচ্ছেন। একদিনের এই সফরে তিনি কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করবেন।
ইরানের আধা-সরকারি মেহর বার্তা সংস্থা জানায়, গত বছর ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর আফগানিস্তানে এটাই আহমাদিনেজাদের প্রথম সফর।
বার্তা সংস্থাটি আরো জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্ট কারজাইয়ের আমন্ত্রণে তিনি আফগানিস্তান যাচ্ছেন। দুই নেতা আফগানিস্তানের বর্তমান সংকট সমাধানের বিষয় নিয়েও আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্র চায় আফগানিস্তানে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলো সহযোগিতা করুক।
এদিকে ইরান বলেছে, আফগানিস্তানে বিদেশী সৈন্যের উপস্থিতিই দেশটির প্রধান সমস্যা।
২০০১ সালে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে উৎখাত করার জন্য যুক্তরাষ্ট্র সেখানে সেনাবাহিনী পাঠায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সেনাবাহিনী এখনও দেশটিতে মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৮৪০ঘ.
bdnews24