ইস্তাম্বুল, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের তুর্কি গণহত্যা প্রস্তাব দুদেশের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি শনিবার ইস্তাম্বুলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের এক সম্মেলনে ভাষণে এ কথা বলেন।
প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়দের ওপর অটোমন তুর্কিরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তাকে যুক্তরাষ্ট্র 'গনহত্যা' হিসেবে আখ্যায়িত করে একটি প্রস্তাব এনেছে। প্রস্তাবটি পাস করার জন্য মার্কিন কংগ্রেসে উত্থাপন করার কথা।
যুক্তরাষ্ট্রের এই তুর্কি 'গণহত্যা' প্রস্তাবকে কেন্দ্র করে তুরস্কের জনগন বিক্ষোভে ফেটে পড়েছে।
তুর্কি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ক কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে তা তুরস্ককে খুব বেশী নাড়া দেবে না। তবে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, স্বার্থ ও উদ্দেশ্যকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে। এতে যে কেবল তুরস্ক ক্ষতিগ্রস্ত হবে তা নয়।
মার্কিন প্রশাসন অবশ্য শেষ পর্যন্ত এই গনহত্যা প্রস্তাবকে ঠেকানোর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, এই প্রস্তাব স্থগিত করা হবে।
মার্কিন প্রতিনিধি পরিষদ কমিটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার গনহত্যা প্রস্তাব পাশ করে। এতে তুরস্কে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তুরস্ক সরকার ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২১৫ঘ.
bdnews24