কাবুল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবান জঙ্গিদের প্রতি দেশের স্কুলগুলোতে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। যাতে করে শিক্ষাবঞ্চিত ৫০ লাখ আফগান শিশু তাদের সম্ভাবনার স্ফূরণ ঘটাতে পারে।
আফগানিস্তানের সরকারি বাহিনী এবং বিদেশি সেনাদের বিরুদ্ধে যুদ্ধরত তালেবান যোদ্ধারা প্রায়ই প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে হামলা চালায়। তালেবানরা মনে করে, স্কুলে শিক্ষার্থীদের অনৈসলামি বিষয় পড়ানো হয়।
কাবুলে চলতি বছরকে স্কুল বর্ষ হিসাবে ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে কারজাই বলেন, দেশে স্কুলে যাওয়ার উপযুক্ত ৫০ লাখ শিশু স্কুলে যাচ্ছে না। এদের কিছু তালেবান হামলার ভয়ে এবং হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং অন্যরা নানা ধরনের সুবিধার অভাবে স্কুলে যাচ্ছে না।"
তিনি বলেন, "তালেবানরা যদি এভাবে স্কুলগুলো বন্ধ করে দেয়, তাহলে আমি বলবো তারা আফগানিস্তান ও ইসলামের প্রতি নৃশংস আচরণ করছে।"
আফগানিস্তানের শিক্ষামন্ত্রী ফারুক ওয়ারদাক জানান, দেশটির ১ কোটি ১০ লাখ মানুষ নিরক্ষর। যা দেশটির মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি।
২০০১ সালে তালেবানরা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই দেশটিতে সহিংসতা বেড়ে গেছে। দেশজুড়ে তালেবান জঙ্গিরা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সরকারি ও বিদেশি সেনাদের উপর।
ক্ষমতায় আসার পর তালেবানরা কন্যাশিশুদের শিক্ষাগ্রহণ নিষিদ্ধ করে এবং বালকদের লেখাপড়া ধর্মীয় শিক্ষাতেই সীমাবদ্ধ রাখে।
ওয়ারদাক জানান, তালেবান ক্ষমতায় থাকার সময় যেখানে মাত্র ১০ লাখ শিশু স্কুলে যেত এখন তা বেড়ে ৭০ লাখে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৮০৪ঘ.
bdnews24