এথেন্স, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্থিক ঘাটতি কমানোর জন্য গ্রিস সরকারের কৃচ্ছ সাধনের ঘোষণায় ক্ষুব্ধ জনতা শুক্রবার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।
এদিকে এই কৃচ্ছ সাধন বিষয়ে গ্রিসের জনগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এক জরিপের ফলাফলে শনিবার এ তথ্য প্রকাশ করা হয়।
সরকারের কৃচ্ছ সাধনের ঘোষণার বিরোধিতা করে দেশটির তরুণ প্রজন্মও প্রতিবাদে নেমেছে। এত কিছুর পরও পার্লামেন্ট সদস্যরা কৃচ্ছ সাধনের প্রস্তাবটি পাস করানোর জন্য শনিবার পার্লামেন্টে জরুরি ভোটের আহ্বান করে।
ব্যাপক আর্থিক ঘাটতি কাটাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বুধবার সরকারি চাকরিজীবীদের বোনাস কর্তন, পেনশন বাজেয়াপ্তসহ কর বাড়ানোর মাধ্যমে ৪ দশমিক ৮ বিলিয়ন ইউরোর কৃচ্ছ সাধনের নতুন একটি প্যাকেজ ঘোষণা করেছে।
কাপা রিসার্চ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান পরিচালিত এবং টু ভিমা সংবাদপত্রে শনিবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, গ্রিসের ৪৬ দশমিক ৬ ভাগ মানুষ কৃচ্ছ সাধনের পক্ষে। অন্যদিকে ৪৭ দশমিক ৯ ভাগ মানুষ এর বিপক্ষে মত প্রকাশ করেছে। জরিপে অংশ নেয় এক হাজার ৪৪ জন মানুষ।
ইউরোপীয় ইউনিয়নের নেতারা গ্রিসের এ কৃচ্ছ সাধন প্রকল্পের প্রতি শুক্রবার আস্থা দেখানোর পরই এ জরিপের ফল প্রকাশ পেল।
গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রু এক্ষেত্রে রাজনৈতিক সমর্থন পেলেও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এবং ইউরোগ্র"পের চেয়ারম্যান জ্যাঁ ক্লদ জাঙ্কারের কাছ থেকে কোনও আর্থিক প্রতিশ্র"তি পাননি।
জরিপের ফলাফলে দেখা গেছে, গ্রিসের বেশির ভাগ জনগণই কৃচ্ছ সাধনের বিপক্ষে। কারণ, মূল্য সংযোজন কর ২ শতাংশ বৃদ্ধি, ইস্টার, বড় দিন ও ছুটির বোনাস ৩০ শতাংশ হ্রাস এবং পেনশন স্থগিত হওয়ায় এর প্রভাব তাৎক্ষণিকভাবেই তাদের ওপর পড়েছে।
তবে মজার ব্যাপার হল, প্রতি দশজনের মধ্যে ৯ জন লোকই উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের বেতন কমানোর পক্ষে মত দিয়েছেন।
এ জরিপের ফলাফল সোশ্যালিস্ট সরকারের প্রতি জনগণের সমর্থন কমে যাওয়ার সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, সরকারের এ কৃচ্ছ সাধন প্রস্তাব পাশের আগেই প্রতিবাদে রাজপথে নেমেছে দেশটির তরুণ প্রজন্ম। প্রায় ১২ হাজার তরুণ ইতিমধ্যে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়। তারা পার্লামেন্ট ভবন লক্ষ্য করে ঢিল ছোঁড়ে এবং আবর্জনার স্তুপে অগ্নিসংযোগ করে। ধর্মঘট ডেকে রাজধানী এথেন্সে ঢোকার রাস্তাও বন্ধ করে দিয়েছে তারা।
বিক্ষোভ দমাতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
মিছিলে আসা ২১ বছর বয়সী শিক্ষার্থী ক্রিস্টিনা ভাসিলিপুলু বলেন, "কৃচ্ছসাধনের মাধ্যমে ঋণ শোধ করা যাবে সামান্যই। কিন্তু কর বৃদ্ধিসহ অন্যান্য খরচ কমানোর ক্ষেত্রে দরিদ্ররাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।'
এদিকে, ধর্মঘটে অচল হয়ে যায় এথেন্স। দাঙ্গা পুলিশের গাড়ি ছাড়া আর কোনও যানবাহনই চলাচল করেনি।
বিমানবন্দরে ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।
আর্থিক ঘাটতিতে জর্জরিত গ্রিসের ঋণের পরিমাণ তিনশ' বিলিয়ন ইউরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৫০ঘ.
bdnews24