লন্ডন, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০৩ সালের ইরাক আগ্রাসন নিয়ে শুক্রবার জেরার মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, ওই যুদ্ধে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল এবং সেনা অভিযানের জন্য প্রয়োজনীয় তহবিলও দিয়েছিলেন তিনি।
টনি ব্লেয়ারের পর ইরাক যুদ্ধে দেশের ভূমিকা নিয়ে ব্রাউনকে এই জেরা করা করল তদন্ত প্যানেল। তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাবনা মানতে ইরাকের ব্যর্থতার কারণেই ওই যুদ্ধ ন্যায়সঙ্গত ছিল।
বিবিসি জানিয়েছে, ব্রাউন বলেছেন, গোয়েন্দা তথ্য থেকে তিনি বদ্ধপরিকর হয়েছিলেন যে, ইরাক একটি হুমকি এবং একে মোকাবেলা করা দরকার।
তবে ব্রাউন বলেন, ইরাকের জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করাটাকেই তিনি বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এবং দুর্বৃত্ত কোনও রাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ভঙ্গ করতে দেওয়া যায় না বলে দৃঢ়চেতা হয়েছিলেন।
আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে ইরাকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার চেষ্টা ঝুঁকির মুখে পড়বে--এমনটিই মনে করেছিলেন বলে জানান ব্রাউন।
গত জানুয়ারি মাসে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইরাক যুদ্ধ নিয়ে জেরা করার পর গর্ডন ব্রাউনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত প্যানেলের সামনে কৈফিয়ত দিলেন।
ইরাক যুদ্ধের জন্য কোনও অনুতাপ নেই বলে মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন ব্লেয়ার। আর ব্রাউন জেরার শুরুতেই ইরাক যুদ্ধে নিহত ইরাকি এবং ব্রিটিশ সেনাদের জন্য দুঃখ প্রকাশ করেন।
তদন্ত প্যানেলের সামনে ব্রাউন বলেন, "ইরাক যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তটি সবচেয়ে গুরুতর সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। আমরা সঠিক কারণে সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলেই আমার বিশ্বাস।"
তিনি বলেন, "কেউ যুদ্ধে জড়াতে চায় না। কেউ নিরীহ মানুষের মৃত্যু চায় না। কেউ তাদের সশস্ত্র বাহিনীর সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলতে চায় না। পরিস্থিতি যুদ্ধে জড়ানোর মতো গুরুতর বা সঠিক মনে না হওয়া পর্যন্ত কেউ এ ধরনের সিদ্ধান্ত নিতে চাইবে না।"
আর তাই "আমি মনে করি ওই সিদ্ধান্ত সঠিক কারণে সঠিক সিদ্ধান্তই ছিল।"
২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের সময় গর্ডন ব্রাউন ছিলেন চ্যান্সেলর। ইরাক যুদ্ধ নিয়ে ব্লেয়ারের তুলনায় ব্রাউন কম কথা বললেও সমালোচকদের অভিযোগ, সামরিক বাহিনীর জন্য সরঞ্জামাদি ঠিকভাবে সরবরাহের ক্ষেত্রে সামরিক প্রধানদেরকে পর্যাপ্ত তহবিল যোগাতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
ইরাক যুদ্ধে নিহত সেনাদের আত্মীয়-স্বজনদের ধারণা, ব্রাউনের ব্যর্থতার কারণেই সেনাদের অযাচিত মৃত্যু হয়েছে। তাই তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য সাবেক সরকারি কর্মকর্তা জন চিলকটের নেতৃত্বাধীন তদন্ত দলের কাছে আবেদন জানানোর পাশাপাশি ব্রাউনকে এর উত্তর দেওয়ার জন্য চাপ দিতে বলে।
ওদিকে, ইরাক যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা লন্ডনে ব্রাউনের জেরাস্থলের কাছে বিক্ষোভেরও পরিকল্পনা নেয়। তারা ইরাক যুদ্ধে ব্রাউনের ৮ দশমিক ৫ বিলিয়ন পাউন্ড ব্যয়ের অনুমোদনের সমালোচনা করেছে।
যুদ্ধ ব্যয় সম্পর্কে ব্রাউন বলেন, "আমি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীকে বলেছিলাম...... সেনাবাহিনীর ভালোর জন্য অর্থ ব্যয় করা নিয়ে কার্পন্য করার কোনও মানে হয় না।"
তিনি জোর দিয়ে বলেন, "যুদ্ধের জন্য যত ধরনের হাতিয়ারের আবেদন জানানো হয়েছিল তার সবই ব্রিটিশ বাহিনীকে দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "আমি বলেছিলাম যুদ্ধ সরঞ্জামের প্রতিটি অনুরোধ মেটানো হবে এবং তা আমি মিটিয়েছিলাম।"
"যে কোনও ক্ষেত্রেই কমান্ডারদের প্রয়োজনীয় হাতিয়ারের জন্য আবেদন জানাতে বলা ছিল এবং তাদের আবেদন কখনও নাকচ করা হয়েছে বলে আমার জানা নেই।"
ব্রিটেনে লেবার পার্টির ১৩ বছরের শাসনামলে ইরাক আগ্রাসনই সবচেয়ে ক্ষতিকারক অধ্যায়। ওই যুদ্ধ নিয়ে লেবার পার্টিতে অন্তর্কোন্দল বেড়ে যাওয়ার পাশাপাশি জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে দলটি।
স
bdnews24