নিউ ইয়র্ক (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিশুদের শিক্ষামূলক ডিভিডির সামনে বসিয়ে রাখলেই ভাষা দক্ষতা বাড়ে না। আমেরিকার একটি গবেষণায় একথা বলা হয়েছে।
ওয়াল্ট ডিজনি কোম্পানির বেবি আইনস্টাইন সিরিজের একটি পণ্য 'বেবি ওয়ার্ডসয়োর্থ'কে নমুনা হিসেবে ধরে গবেষকরা এ গবেষণা চালান।
বেবি আইনস্টাইন কোম্পানী শিক্ষামূলক ডিভিডি নিয়ে ভাষাশিক্ষায় অবদানের কৃতিত্ব দাবি করার আগে ওয়েব পেজে জানায়, মনোরঞ্জনের মধ্য দিয়ে বাচ্চাদের শব্দ ও সাংকেতিক ভাষা শিক্ষার জন্য মোক্ষম ডিভিডি বেবি ওয়ার্ডসওয়ার্থ।
এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক ও দুই বছরের শিশুদের ওপর ওই ডিভিডির পরীক্ষা চালান। গবেষণাটির ফল প্রকাশ করা হয়েছে 'আর্কাইভস অব পেডিয়াট্রিকস এন্ড এডোলেসেন্ট মেডিসিন' এ।
ছয় সপ্তাহ ধরে ৮৮ জন শিশুর মধ্য থেকে এলোমেলোভাবে বাছাই করে কিছু সংখ্যক শিশুকে সপ্তাহে কয়েকবার ডিভিডি দেখানো হয়েছে, আবার কিছু সংখ্যক শিশুকে ডিভিডি দেখানো হয়নি।
তারপর গবেষকরা দুই গ্র"পের শিশুরই ভাষাদক্ষতা যাচাই করেন।
বাবা-মায়ের কাছ থেকে শিশুরা কয়টি শব্দ শিখেছিল আর ল্যাব টেস্টে অংশ নেওয়ার পর তারা ভাষাশিক্ষায় কতটুকু ভালো করল তার ভিত্তিতে গবেষকরা এ পরীক্ষা চালান।
এতে দেখা গেছে, ডিভিডি দেখা শিশুরা যারা ডিভিডি দেখেনি তাদের চেয়ে বেশি কিছু শিখেনি।
উভয় দলের শিশুই ডিভিডিতি প্রাধান্য দেওয়া ৩০ টি শব্দের মধ্যে গড়ে ২০ টি শব্দ বুঝতে পেরেছে এবং ১০ টি শব্দ বলতে পেরেছে। শিশুরা সাধারণভাবে যে ভাষা শেখে তার সঙ্গে ডিভিডি দেখে ভাষা শিক্ষার তেমন কোনও পার্থক্য গবেষণায় ধরা পড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24