সিঙ্গাপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের সব্জি বিক্রেতা শু-চু এবং মিডিয়া মোঘল রুপার্ট মারডকের মা এলিজাবেথ মারডক এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা দানবীর। এ অঞ্চলের জনহিতৈষীদের তালিকায় এ দুজনকেই শীর্ষে রেখেছে ফোর্বস এশিয়া ম্যাগাজিন।
তালিকায় রয়েছে এ অঞ্চলের মোট ৪৮ জন বিশিষ্ট দানবীরের নাম।
অস্ট্রেলিয়া, চীন, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ডের ১২টি বাজার থেকে চার জন করে দানবীরকে তালিকাভুক্ত করা হয়েছে।
ফোর্বেস এশিয়ার সহযোগী সম্পাদক জন কপিশ বলেন, "এরাই যে সবসময় বড় দাতা তা না। আসলে আমাদের লক্ষ্য নানা ক্ষেত্রের এ রকম দয়ালু মানুষকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসা। এবারের তালিকায় আগের বছরের কয়েকজন আছে। তবে বেশিরভাগই নতুন মুখ যারা এ স্বীকৃতি পাওয়ার দাবিদার। এই ৪৮ জনের তালিকায় সবার নজর কাড়ার মধ্য দিয়ে আমরা দান করায় মানুষকে আরও উৎসাহিত করতে পারব বলে আশা করছি।"
নতুন এ দাতাদের তালিকার শীর্ষে আছেন ৫৯ বছরের সব্জি বিক্রেতা চেন শু চু। পরিবারকে সাহায্য করতে স্কুল ছেড়ে তাইওয়ানের টেইটুং সেন্ট্রাল মার্কেটে সেই ১৯৬৩ সাল থেকে শু চু সব্জি বিক্রি করে আসছেন বলে জানায় ফোর্বস।
২০০৪ সাল চু শিশু তহবিলে ৩২ হাজার ডলার দান করেন। শুধু তাই নয়, টাকার অভাবে যে স্কুলটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, তার পাঠাগার নির্মাণের জন্য চু ১ লাখ ৪৪ হাজার ডলার দেন। সেইসঙ্গে তিনি চলতি বছর দরিদ্রদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য ৩ লাখ ১৩ হাজার ডলার দান করার পরিকল্পনা করেছেন।
নিউজ কর্পোরেশনের প্রধান রুপার্ট মারডকের মা ১০১ বছর বয়সী অস্ট্রেলীয় বৃদ্ধা এলিজাবেথ মারডকও গত কয়েক যুগ ধরে দানের জন্য পুরস্কৃত হলেন এ তালিকায় স্থান পেয়ে।
হলিউড অভিনেতা এবং হংকংয়ের সবচেয়ে বিখ্যাত ছেলে জ্যাকি চ্যানেরও নাম আছে এ তালিকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৪৩ ঘ.
bdnews24