ওয়াশিংটন, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তর পেন্টাগনে দুই নিরাপত্তা কর্মকর্তার ওপর গুলিবর্ষণকারী বন্দুকধারী মারা গেছে। কয়েকটি গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে গণমাধ্যমগুলো জানায়, বন্দুকধারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম জন প্যাট্রিক ব্যাডেল। বয়স ৩৬ বছর। সে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।
গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, প্যাট্রিক ব্যাডেল বৃহস্পতিবার সন্ধ্যায় পেন্টাগনের মূল প্রবেশ পথে পাতাল রেল স্টেশনের কাছে দুজন নিরাপত্তার কর্মকর্তার ওপর গুলি চালায়। এসময় নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালালে সে আহত হয়।
খবরে আরও বলা হয়, আহত ব্যাডেলের অবস্থার অবনতি ঘটে এবং সে মারা যায়।
পেন্টাগনের পুলিশ প্রধান রিচার্ড কেভিল সাংবাদিকদের বলেন, ওই ব্যক্তি পেন্টাগন ভবনে ঢোকার জন্য পাস না দেখিয়ে বন্দুক বের করে তিন নিরাপত্তা কর্মকর্তার ওপর গুলিবর্ষণ করে। এতে দুজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন। নিরাপত্তা কর্মকর্তাদের পাল্টা গুলিতে সে আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫১০ঘ.
bdnews24