২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ভোট দিল সেনা-পুলিশ, বোমা হামলায় নিহত ৭

ইরাকের গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের তিনদিন আগে বৃহস্পতিবার সহিংসতার মধ্যে ভোট দিয়েছে দেশের সেনা, পুলিশ ও বন্দিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 12:48 PM

Updated : 24 Aug 2022, 07:15 PM

বাগদাদ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের তিনদিন আগে বৃহস্পতিবার সহিংসতার মধ্যে ভোট দিয়েছে দেশের সেনা, পুলিশ ও বন্দিরা। বাগদাদের ভোটকেন্দ্রগুলোতে ২টি পৃথক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্ততপক্ষে ৭ সেনা এবং আহত হয়েছে ২৫ জন। রোববার অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে ৬৭ হাজার নিরাপত্তা রক্ষীর বেশির ভাগ সদস্যকেই নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করতে হবে। সেকারণেই বিশেষ ব্যবস্থায় আগেভাগে তাদের ভোট নিয়ে নেওয়া হল। সুন্নি অধ্যুষিত মরু প্রদেশ আনবারের পুলিশ জানায়, বিস্ফোরকসহ একটি গাড়ি ধরা পড়ায় রাতের বেলা তাদের সংক্ষিপ্ত আকারে জরুরি অবস্থা জারি করতে হয়। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পশ্চিম বাগদাদে মনসুরের একটি ভোটকেন্দ্রে প্রথম হামলাকারী হামলা চালায়। এতে তিন সেনা নিহত হয়। ২য় বোমা হামলাকারী হামলা চালায় বাগদাদের কেন্দ্রস্থলে। এতে নিহত হয় ৪ সেনা। তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল। ২০০৩ সালে মার্কিন বাহিনী ইরাকে আগ্রাসন চালানোর পর দেশটিতে এটি দ্বিতীয় জাতীয় নির্বাচন। ২০১১ সালের শেষ দিকে মার্কিন বাহিনী ইরাক ছাড়ার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮৪৬ ঘ.