২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলার আশঙ্কায় মালাকা প্রণালীতে নিরাপত্তা জোরদার

সন্ত্রাসী হামলার হুমকির পর মালাকা প্রণালীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2010, 11:46 AM

Updated : 24 Aug 2022, 07:15 PM

সিঙ্গাপুর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসী হামলার হুমকির পর মালাকা প্রণালীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। বিশ্ব বানিজ্যে সমূদ্র পথে মালবাহী জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই মালাকা প্রণালী। এই প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সিঙ্গাপুর শিপিং এসোসিয়েশনের এক পরামর্শে বলা হয়, সিঙ্গাপুর নৌবাহিনী এমন ইঙ্গিত পেয়েছে যে, একটি সন্ত্রাসী গোষ্ঠী মালাকা প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার পরিকল্পণা করছে। তবে ওই সন্ত্রাসী গোষ্ঠীর নাম জানা যায়নি। সিঙ্গাপুর নৌবাহিনী ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে এই প্রনালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে নিরাপত্তা জোরদার করার জন্য পরামর্শ দিয়েছে। মালয়েশিয়ার কোস্ট গার্ড বাহিনী ইতিমধ্যেই এই নৌপথে নিরাপত্তা জোরদার করেছে। তেলবাহী জাহাজগুলো মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে মালাকা প্রনালী দিয়ে চীন ও জাপানে সরবরাহ করে থাকে। ইন্দোনেশিয়া বলেছে, তারাও ওই এলাকায় নিরাপত্তা জোরদার করছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পারনোমো ইয়োজিয়ানতোরো রয়টার্সকে বলেছেন, আমরা ওই এলাকায় নিরাপত্তা এবং টহল জোরদার করব। সিঙ্গাপুর শিপিং এসোসিয়েশন জানায়, তারা যে সতর্কতা জারি করেছে তাতে তেলবাহী জাহাজের পাশাপাশি অন্যন্য বড় জাহাজেও হামলার আশঙ্কা বাদ দেয়নি। সিঙ্গাপুরে থাইল্যান্ডের নেভাল এটাশে জানান, সন্ত্রাসী হামলার হুমকি প্রথম এসেছে জাপানে। জাপানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরোকে (আইএমবি) জানিয়েছে যে, মালাকা প্রণালীতে জাহাজ ছিনতাই হতে পারে। তিনি আরও জানান, এরপরই আইএমবি জলদস্যূদের সম্ভাব্য হামলার আশঙ্কার কথা আঞ্চলিক দেশগুলোর নৌবাহিনীকে অবহিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৭৩৫ঘ.