নয়া দিল্লি, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান ও দেশের সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিক সোনিয়া গান্ধী তেলের মূল্যবৃদ্ধিকে সমর্থন করছেন বলে ইঙ্গিত মিলেছে।
তিনি বৃহস্পতিবার অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে সমর্থণ করেন যা কার্যত জ্বালানি তেলের শুল্ক বাড়ানোর পদক্ষেপের প্রতি সমর্থনেরই ইঙ্গিত। পার্লামেন্ট সদস্যরা বৃহস্পতিবার এ কথা জানান।
চলতি অর্থ বছরের বাজেটে ঘাটতি কমাতে এবং প্রবৃদ্ধির হার বজায় রাখতে অর্থমন্ত্রী প্রণব মুখার্জি জ্বালানি তেলের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে গত জুলাই মাসের পর এই প্রথমবারের মতো দেশটিতে তেলের দাম বেড়ে যাওয়ায় ক্ষমতাসীন কংগ্রেস সরকার বিরোধী দলের পাশাপাশি সরকারের শরিকদেরও সমালোচনার মুখে পড়ে।
পর্দার অন্তরালে থেকে সরকারের কলকাঠি নাড়া সোনিয়ার বরাবরই জনদরদী ইমেজ থাকায় ভাবা হচ্ছিল তিনি হয়তো অর্থমন্ত্রীর এ সিদ্ধান্তে সমর্থন নাও দিতে পারেন।
দলের পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সোনিয়া গান্ধী এ ব্যাপারে অর্থমন্ত্রীর সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছেন। যদিও দলের একাংশ মনে করছে, তেলের দাম বাড়ায় কংগ্রেসের ভোট ব্যাংক বলে পরিচিত দরিদ্র জনগণ বেকায়দায় পড়বে।
বৈঠকে অংশ নেওয়া কংগ্রেস এমপি সন্দীপ দীক্ষিত বলেন, "তিনি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তার ভারসাম্যপূর্ণ বাজেটের জন্য। সেইসঙ্গে বলেছেন, প্রবৃদ্ধি হচ্ছে বাজেটের মূল চালিকা শক্তি।"
অন্য এমপিরা রয়টার্সকে জানান, সোনিয়ার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি অর্থমন্ত্রীর তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছেন।
তেলের মূল্য বাড়ানো প্রসঙ্গে সরকারের শরিকরা প্রথমে সমালোচনা করলেও সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহারের কোনও সম্ভাবনা নেই। তবে এ ইস্যুতে সরকারবিরোধীরা আন্দোলনে নামতে পারে বলে জোর গুজব রয়েছে।
সেক্ষেত্রে সরকার তেলের দাম আংশিক কমাতে বাধ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুল্ক আরোপ করায় পেট্রলের দাম ৬ শতাংশ এবং ডিজেলের দাম ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৩৫ঘ.
bdnews24