ওয়াশিংটন, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাবের প্রতি সমর্থন লাভের জন্য জোর তৎপরতা শুরু করেছেন।
তিনি বুধবার কংগ্রেস সদস্যদের প্রতি তার এই প্রস্তাবে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার এই প্রস্তাবের ওপর কংগ্রেসে ভোটাভুটি হবে।
মার্কিন কংগ্রেসে ডেমেক্রেটিক পার্টির সদস্যরা সংখ্যাগরিষ্ঠ হলেও রিপাবলিকান পার্টির সদস্যদের সঙ্গে এই সংখ্যাগরিষ্ঠাতার ব্যবধান কম। ওবামার এই স্বাস্থ্যসেবা প্রস্তাবের প্রতি বিরোধী রিপাবলিকানদের সমর্থন নেই।
রিপাবলিকানরা ইতিমধ্যেই ওবামার এই বিশাল ব্যয়সাপেক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য আহবান জানিয়েছে। তারা বলেছে, বিষয়টিতে ধাপে ধাপে এগুনো যেতে পারে।
ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার প্রস্তাব গত বছর প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাশ হয়। প্রেসিডেন্ট ওবামা এ বিষয়টি নিয়ে বিতর্কের আয়োজনও করেন। রিপাবলিকানরা প্রস্তাবটির বিরোধীতা করে বলেছে এটি অত্যন্ত ব্যয়সাপেক্ষ।
প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাশ হলেও কংগ্রেসে প্রস্তাবটির ভবিষ্যত নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসে এটি সামান্য ব্যবধানে পাশ হতে পারে।
এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বারাক ওবামা রিপাবলিকানদের বক্তব্যের বিরোধীতা করে বলেছেন, আমাদের জন্য এটা এখনই শুরু করা উচিত। এখন না করা হলে এটা বাস্তবায়ন হতে এক শতক বা তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে।
তিনি এই প্রস্তাবের অনুকুলে ভোট দেওয়ার জন্য কংগ্রেস সদস্যদের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩২৫ঘ.
bdnews24