নয়া দিল্লি, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীদলের হট্টগোলে বুধবার পার্লামেন্টের অধিবেশন মুলতবি হয়ে গেলেও অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শরিকদের সমর্থন পাচ্ছেন বলেই আভাস মিলছে।
চলতি অর্থ বছরে প্রণব মুখার্জি যে বাজেট পেশ করেন, তাতে নতুন করে তেলের দাম বেড়ে যাওয়ায় বিরোধী দলের পাশাপাশি শরিক দলগুলোরও তীব্র বিরোধিতার মুখে পড়ে কংগ্রেস সরকার।
গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৯ শতাংশ রাখতে বাজেটে ঘাটতি কমানোর সুপারিশ করা হয়।
ফলে রাজস্ব বাড়াতে এবং বাজেট ঘাটতি কমাতে সরকার গত সপ্তাহে পেট্রলের দাম ৬ শতাংশ এবং ডিজেলের দাম ৭ দশমিক ৭৫ শতাংশ বাড়ায়।
সরকারের এ সিদ্ধান্তে নাখোশ হয় সরকারে থাকা শরিক দলগুলো। তারা সরকার থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও দেয়। কিন্তু তারাই এখন আবার সরকারের পাশে দাঁড়াচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে।
তেল বৃদ্ধি ইস্যুতে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার না করার কথা বলেছে শরিক দল ডিএমকে। কংগ্রেস সরকারের প্রধান শরিক ডিএমকের জ্যেষ্ঠ নেতা কনিমোঝি হিন্দুস্থান টাইমসকে বলেন,"জোট ভাঙার কোনও প্রশ্নই নেই ডিএমকের।"
কিছু বিতর্ক থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সিদ্ধান্তের বিরোধিতা করেনি কংগ্রেস।
কংগ্রেসের এমপিদের সঙ্গে মুখার্জির বৈঠক শেষে এমপি জগদাম্বিকা বলেন,"তিনি (মুখার্জি) বাড়তি তেলের দাম কমানোর নিয়ে কোনও কথা বলেননি। তাকে তার অবস্থানে অনড়ই মনে হয়েছে।"
তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। জনদরদী বলে পরিচিত সোনিয়া গরীব জনগণের কথা চিন্তা করে কংগ্রেসের ভোট ব্যাংক ধরে রাখার চিন্তা ভাবনা করতে পারেন।
চিন্তক প্রতিষ্ঠান আরপিজি ফাউন্ডেশনের প্রধান ডিএইচ পাই পানানদিকার বলেনন,"এমন কি প্রধানমন্ত্রীও তেলের দাম বাড়ানোর পক্ষে। আর শরিকরাও যখন এ পর্যন্ত তেমন উচ্চবাচ্চ করেনি তাতে আমার মনে হয় সরকার এ সিদ্ধান্ত নিয়ে এগুতে সফল হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২৪২১ ঘ.
bdnews24