প্যারিস/ভিয়েনা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে রাশিয়া সমর্থন দেবে।
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সোমবার বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এ কথা বলেছেন।
সারকোজি বলেন, রাশিয়া এই অবরোধে সমর্থন দিয়ে যাবে যদি তা ইরানে মানবিক সংকট সৃষ্টি না করে।
মেদভেদেভ জানান, ইরানের বিরুদ্ধে নতুন শাস্তিমুলক ব্যবস্থা এড়ানোর ব্যাপারে তিনি এখনও আশাবাদী। তবে তিনি এটাও বলেছেন, তেহরান সহযোগিতা করবে আশায় রাশিয়া অনন্তকাল বসে থাকতে পারে না।
পশ্চিমা দেশগুলোর ধারণা, ইরান তার বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করে যাচ্ছে।
মেদভেদেভ বলেন, "আমরা আশাবাদী এবং আমরা সাফল্য লাভ করতে পারি এমন ধারণা থেকে আমরা সরে আসছি না। কিন্তু এতে যদি কাজ না হয় তবে অবরোধ আরোপের প্রশ্নে আমাদের মিত্র দেশগুলোর মতই রাশিয়াও বিষয়টি বিবেচনা করবে।
সারকোজি সাংবাদিকদের বলেন, "মেদভেদেভ আমাকে বলেছেন, মানবিক বিপর্যয় সৃষ্টি করবে না-এমন অবরোধে তিনি সমর্থন করতে পারেন।
এদিকে, ইসরায়েলও জানিয়েছে, ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে চীন ভেটো দেবে না। বেইজিংয়ে ইসরায়েলি প্রতিনিধিদের বক্তব্য চীন বেশ মনোযোগ দিয়েই শুনেছে।
এর আগে ইরানে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে তেহরানের বন্ধু বলে খ্যাত চীন ও রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫২০ঘ.
bdnews24