২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে সান্ধ্য আইনের মেয়াদ বৃদ্ধি

চিলির ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে ব্যাপক লুটপাট শুরু হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। নিরাপত্তার জন্য সান্ধ্য আইনের মেয়াদ বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2010, 08:06 AM

Updated : 24 Aug 2022, 07:12 PM

কনসেপসিও, চিলি, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে ব্যাপক লুটপাট শুরু হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী। নিরাপত্তার জন্য সান্ধ্য আইনের মেয়াদ বাড়ানো হয়েছে। লুটপাটকারীরা দোপকানপাটে আগুন ধরিয়ে দেয়। বাসিন্দারা নিরাপত্তা এবং খাদ্য ও ত্রাণ সরবরাহে ধীরগতির অভিযোগ করেছে। ভূমিকম্পে সবচেয়ে বিধ্বস্ত শহর কনসেপসিওতে মঙ্গলবার সান্ধ্য আইনের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। শহরটিতে হাজার হাজার সেনা ও স্থানীয় পুলিশ মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শনিবারের ভয়াবহ ওই ভূমিকম্পে কমপক্ষে ৭২৩ জন নিহত হয়েছে। কনসেপসিও'র মেয়র জানিয়েছেন, লুটপাটকারীদের প্রতিরোধে স্থানীয় অধিবাসীরা সংঘবদ্ধ হচ্ছে। ওই শহরের বাসিন্দা ক্যারোলিন কনত্রেয়াস বলেন, "সরকারের সাহায্য খুবই ধীর গতিতে পৌঁছছে।" তিনি আরও বলেন, "সেনাবাহিনী কেবল এসে পৌঁছছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। বাড়িঘরে ডাকাতি শুরু হওয়ায় আমার প্রতিবেশিরা নিজেরাই সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করছে।" চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে লুটপাটের নিন্দা জানিয়েছেন। তিনি ওই অঞ্চলে ৭ হাজার সেনা মোতায়েন করেছেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সান্ধ্য আইন জারি করেছেন। সেইসঙ্গে তার সরকার দুর্গত অঞ্চলে জরুরি খাদ্য সহায়তা ও ওষুধ পাঠাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কনসেপসিও এবং মাউল এলাকায় সোমবার শত শত লোক লুটপাটে নেমে পড়ে। তারা খাদ্য সামগ্রি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিষের জন্য দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হুমড়ি খেয়ে পড়ে। লুটপাটকরীরা দোকানপাট ও বাড়িঘর তছনছ করে জিনিষপত্র লুট করে নিয়ে যায়। রাজধানী সান্তিয়াগোর কিছু এলাকায়ও সোমবার লুটপাট শুরু হয়ে যায়। কনসেপসিও শহরে লুটপাটকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। লুটপাট ঠেকাতে সোমবার শহরগুলোতে রাত্রিকালীন সান্ধ্য আইন জারি করা এবং প্রায় ১০ হাজার সৈন্য নামানো হয়। রাস্তায় রাস্তায় সেনা টহলও জোরদার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩৩৭ ঘ.