২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাতিন আমেরিকা সফরে হিলারি

ইরানে নতুন অবরোধ আরোপের জন্য সমর্থন লাভের উদ্দেশ্য নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লাতিন আমেরিকা সফর করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 10:02 AM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ওয়াশিংটন, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে নতুন অবরোধ আরোপের জন্য সমর্থন লাভের উদ্দেশ্য নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন লাতিন আমেরিকা সফর করছেন। তিনি রোববার এই সফরে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রথম বারের মতো দক্ষিণ আমেরিকা সফরে হিলারি মঙ্গলবার ভূমিকম্প বিধ্বস্ত চিলিও সফর করবেন। ৮ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্পে চিলি লণ্ডভণ্ড হয়ে গেছে। হিলারীর পাঁচ দিন ব্যাপী এ সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রাজিল। দেশটি ক্রমান্বয়ে বিশ্ব রাজনীতিতে বড় শক্তিতে পরিণত হচ্ছে। হিলারি ৩ মার্চ ব্রাজিল যাবেন। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের উপর নতুন অবরোধ আরোপের ব্যাপারে তিনি ব্রাজিলের সমর্থন চাইবেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরদের ধারণা, ইরানের বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সমর্থণ পাওয়াটা হিলারির জন্য হতে পারে একটি কূটনৈতিক পরীক্ষা। বিশ্লেষকরা মনে করেন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ ব্রাজিল ইরানের ব্যাপারে বেশ নমনীয়। হিলারির এ সফরের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে লাতিন আমেরিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নতি ঘটানো। ক্লিনটন তার লাতিন আমেরিকা সফরে প্রথমে যাবেন উরুগুয়ে ও চিলিতে। এরপরই তিনি যাবেন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কোস্টারিকা ও গুয়েতেমালায়। দি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট স্কুল অব পলিটিক্যাল ম্যানেজমেন্টের লাতিন আমেরিকা বিভাগের প্রধান রবার্তো ইজুরিতা বলেন, "সঠিক সফরসূচিই তৈরি করেছেন তিনি। তিনি মধ্যপন্থি অর্থনৈতিক নীতি এবং গণতান্ত্রিক আদর্শ সমর্থন করছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৫৫ঘ.