সান্তিয়াগো, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির কনসেপসিও শহরের উপকূলীয় অঞ্চলে শনিবার ভোর রাতের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪৭-এ দাঁড়িয়েছে।
ভুমিকম্পের পর যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য, জাপান, রাশিয়াসহ গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
গভীর রাতে সিএনএন জানায়, হাওয়াই উপকূলে সুনামি আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে শহরের ভবন, সেতু, সড়ক বিধ্বস্ত হয়েছে। রাজধানী সান্টিয়াগোতেও ক্ষয়ক্ষতি হয়।
ভূমিকম্প কেন্দ্র থেকে ২০০ মাইল দূরের রাজধানী সান্তিয়াগোর একাংশের বাড়িঘর কেঁপে ওঠে এবং পানি বিদ্যুৎ গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, ভূমিকম্পে অন্তত ১৫০ জন নিহত হয়েছে। চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান।
বিদ্যুৎ এবং টেলিফোনের তার ছিঁড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে দক্ষিণাঞ্চলের দুটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্প আঘাত হানা তেমুকো শহরের এক ব্যক্তি স্থানীয় টেলিভিশনকে বলেন,"আমি আমার সারা জীবনেও এমন ভয়ঙ্কর ভূমিকম্প দেখিনি। মনে হচ্ছিল পুরো পৃথিবীই বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে।"
ভূমিকম্প আঘাত হানার পরপরই ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিলো কনসেপসিওর ৫৬ মাইল উত্তরপূর্বে এবং ভূপৃষ্ঠের ৩৪ মাইল গভীরে। স্থানীয় সময় ভোর ৩টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রাথমিকভাবে বলা হয়েছিলো, ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ৫।
ভয়াবহ ধ্বংসসাধনের ক্ষমতা রাখতে সক্ষম ৮ মাত্রার ভূমিকম্পকে সাধারণত বৃহদাকারের ভূমিকম্প বলা হয়ে থাকে বলে ইউএসজিএস তাদের ওয়েবসাইটে জানায়।
গত ১২ জানুয়ারি হাইতিতে ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় ২ লাখ মানুষ প্রাণ হারায় এবং আহত হয় আরও ৩০ লাখ। আশ্রয়হীন হয় অসংখ্য মানুষ।
২০০২ সালের আদম শুমারি অনুয়ায়ী কনসেপসিও শহরে ৬ লাখ ৭০ হাজার মানুষ বসবাস করে। ভূমিকম্পের ফলে এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।
২০০ মাইল দূরে আঘাত হানা ওই ভূমিকম্পের ঝাঁকুনিতে চিলির রাজধানীর সান্তিয়াগোর মানুষ ভয়ে রাস্তায় নেমে আসে। একে অন্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এ কথা জানায়। সান্তিয়াগোর দালানকোঠা ঝাঁকিতে কেঁপে ওঠে এবং শহরের একাংশের বিদ্যুৎ বন্ধ হয়ে অন্ধকার হয়ে যায়।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানান, ১০ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ভীষণ শক্তিশালী এক ঝাঁকুনি এ সময় টের পাওয়া যায়।
চিলির জাতীয় জরুরি কর্মকর্তা স্থানীয় রেডিওকে বলেন, কনসেপসন শহরের ভিতরে এবং বাইরে ধ্বংসের পরিমাণ হিসাব করছে সরকার।
১৯০০ সালের পর ১৯৬০ সালে চিলিতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে। ৯.৫ মাত্রার ওই ভূমিকম্পে দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় শহর ভালদিভিয়া ধ্বংসস্তুপে পরিণত হয় এবং ১৬৫৫ জন মানুষ মারা যায়। শুধু তাই নয়, ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে চিলির ইস্টার দ্বীপের ২৩ হাজার মাইল ভাসিয়ে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমএইচ/এমআই/এইচএ/০৩৪০ঘ.
bdnews24