জেরুজালেম, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েল পূর্ব জেরুজালেমের অধিকৃত এলাকায় আরও ৬০০ বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছে। দৈনিক হারেজ পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে।
জেলা পরিকল্পনা কমিশনের অনুমোদিত ওই পরিকল্পনা ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর যুক্তরাষ্ট্রের উদৌাগকে আরও বাধাগ্রস্ত করতে পারে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শান্তি আলোচনার আগে জেরুজালেমসহ সব এলাকাতেই বসতি স্থাপন পুরোপুরি বন্ধের ওপর জোর দিচ্ছেন।
কিন্তু হারেজ পত্রিকা বলেছে, পিসগাট জিভ এলাকাসহ সুয়াফাত ফিলিস্তিনি এলাকায় আরও বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। তবে মূল পরিকল্পনার চেয়ে এ পরিকল্পনা বাড়ির সংখ্যা কমিয়ে ৬০০ করা হয়েছে। মূল পরিকল্পনায় ১,১০০ টি বাড়ি নির্মাণের কথা ছিল।
নতুন বাড়ি নির্মাণ সম্পর্কে মন্তব্যের জন্য জেরুজালেম পৌরসভা এবং পরিকল্পনা কমিশন তদারককারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইসরায়েলি মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গত বছর শেষের দিকে জেরুজালেমের বিভিন্ন স্থানে ইসরায়েলের একইধরনের বাড়ি নির্মাণ পরিকল্পনা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।
পূর্ব জেরুজালেমের বাড়িগুলো থেকে আদালতের অনুমোদন সাপেক্ষে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা এবং অবৈধভাবে গড়ে ওঠা বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার জন্যও ইসরায়েল সমালোচিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৪ ঘ.
bdnews24