ইয়াংগুন, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তার গৃহবন্দি আদেশের বিরুদ্ধে যে আপিল করেছিলেন সুপ্রিম কোর্ট শুক্রবার তা খারিজ করে দিয়েছে।
মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ গত আগস্টে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বৃদ্ধি করে। ইয়াংগুনে সফরকালে একজন মার্কিনি সু চির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করায় সু চি তাকে তার বাসভবনে সাক্ষাত দেন। এ কারণে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ তার গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বৃদ্ধি করে।
সু চিকে গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দি রাখা হয়েছে।
২০০৯ সালের মে মাসে তার গৃহবন্দিত্বের আগের মেয়াদ শেষ হওয়ার অল্প কিছুদিন আগে ওই মার্কিনি ইয়াংগুনে লেকের পাশে অবস্থিত সু চির বাসভবনে সু চির সঙ্গে সাক্ষাত করেন। ওই মার্কিনি মিয়ানমারে কোন আমন্ত্রিত অতিথি ছিলেন না।
এই সাক্ষাত দেওয়ার অভিযোগে সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানো হয় এবং সু চিকে তার বাসভবন থেকে সরিয়ে নিয়ে কারাগারের অতিথিশালায় তিন মাস রাখা হয়।
সু চির ১৮ মাসের গৃহবন্দির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪০ঘ.
bdnews24