২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির আহ্বান উপেক্ষা করে একাট্টা ইরান-সিরিয়া

তেহরানের সঙ্গে দামেস্কের কয়েক দশকব্যাপী মিত্রতার সম্পর্ক থেকে সরে আসার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আহ্বান উপেক্ষা করে বৃহস্পতিবার একাট্টা হয়েছে ইরান ও সিরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

দামেস্ক, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তেহরানের সঙ্গে দামেস্কের কয়েক দশকব্যাপী মিত্রতার সম্পর্ক থেকে সরে আসার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আহ্বান উপেক্ষা করে বৃহস্পতিবার একাট্টা হয়েছে ইরান ও সিরিয়া। সিরিয়ার রাজধানীতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ভ্রমণ ভিসা তুলে দিতে দ্বিপক্ষীয় চুক্তি সই করেছেন। সেইসঙ্গে সিরিয়ার রাজধানীতে মুসলিম ধর্মীয় একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন দুজন। ইরানের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসতে শুরু করার জন্য হিলারি ক্লিনটন সিরিয়াকে অনুরোধ জানানোর একদিন পর আহমাদিনেজাদ সিরিয়া সফর করলেন। হিলারি একইসঙ্গে সিরিয়াকে লেবাননের শিয়া গেরিলা হিজবুল্লাকে মদদ দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ বলেন, "আমাদের সীমিত বোঝাপড়ার অপব্যাখ্যা করার কারণেই আমাদেরকে ধরে নিতে হবে যে ক্লিনটন ভুল করছেন। আর তাই আমরা ভিসা তুলে দেওয়ার জন্য চুক্তি সই করেছি।" তিনি আরও বলেন, "আমেরিকা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠাসহ আরও অনেক সুন্দর সুন্দর নীতিমালা নিয়ে কথা বলে। আর তারাই আবার দু দেশকে একে অপরের সম্পর্ক থেকে সরে আসতে বলে। ব্যাপারটি আমার কাছে অদ্ভুত ঠেকছে।" ওদিকে, আহমাদিনেজাদ এক যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, "ক্লিনটন বলেছেন, আমাদের দূরত্ব বজায় রাখা উচিত। আমি বলি ইরান ও সিরিয়ার মধ্যে কোনও দূরত্ব নেই।" তিনি আরও বলেন, "আমাদের উদ্দেশ্য এক, স্বার্থ এক এবং শত্র"ও এক। আমাদের সহযোগিতার গণ্ডি দিন দিনই বাড়ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৮ ঘ.