২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

সৌদি আরবের এক হাসপাতালে তিন মাস চিকিৎসা নেওয়া শেষে বুধবার দেশে ফিরেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার'আদুয়া। তবে তিনি দেশে ফিরলেও তার নেতৃত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে সরকারের এক সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 09:09 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

আবুজা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের এক হাসপাতালে তিন মাস চিকিৎসা নেওয়া শেষে বুধবার দেশে ফিরেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট উমারু ইয়ার'আদুয়া। তবে তিনি দেশে ফিরলেও তার নেতৃত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে সরকারের এক সূত্র জানিয়েছে। তবে ৫৮ বছর বয়সী স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানানো হয়নি এবং তিনি পুনরায় অফিস করার জন্য সুস্থ কি-না সেটাও অস্পষ্ট। সেইসঙ্গে এটাও পরিষ্কার নয় যে, ভাইস প্রেসিডেন্ট গুডলাক জোনাথনই রাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দায়িত্ব পালন করে যাবেন কি-না। উমারুর অনুপস্থিতিতে আফ্রিকার তেল উৎপাদনকারী অন্যতম শীর্ষস্থানীয় দেশ নাইজেরিয়া নানা সঙ্কটে পড়ে। সংবিধান লঙ্ঘনের মতো পরিস্থিতি সৃষ্টিসহ ব্যবসা বাণিজ্য মুখ থুবড়ে পড়ার হুমকিতে পড়ে। তবে দু সপ্তাহ আগে জোনাথন ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব তুলে নিলে অবস্থার পরিবর্তন শুরু হয়। দায়িত্ব হাতে তুলে নেওয়ার পরপরই জোনাথন মন্ত্রী পরিষদে বেশ কিছু পরিবর্তন আনেন এবং দেশটির স্থবিরতা কাটাতে নানা উদ্যোগ গ্রহণ করেন। কিছু রাজনৈতিক নেতা মনে করছেন, আগামী বছর এপ্রিল মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্য সমর্থন পেতে পারেন জোনাথন। নাইজেরীয় সংবাদপত্র নেক্সট তাদের ওয়েবসাইটে জানায়,"প্রেসিডেন্টের আগমনের খবরটি আবুজায় নানা উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে রাজনীতিকদের মধ্যে, যাদের বেশিরভাগই উমারুর আমলে নিজেদের প্রস্তুত রেখেছিলেন কোনও পদ লাভের জন্য।" দু'বারের মতো প্রস্তাব পাস করা মন্ত্রীপরিষদেরও কোনও এখতিয়ার নেই প্রেসিডেন্ট উমারুকে সরকার পরিচালনায় অযোগ্য ঘোষণা করার। এ ব্যাপারে বুধবার রাতে বৈঠকে বসবে মন্ত্রীপরিষদ। তবে উমারুর অনুগত এবং মন্ত্রীদের কেউ কেউ মনে করছেন, এমন পরিস্থিতিতে তার সরে দাঁড়ানো উচিত। বুধবারের বৈঠকে নতুন কোনও বিবৃতি উমারুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৪৫৫ ঘ.