তেহরান, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান মঙ্গলবার কোনওরকম পরমাণু জ্বালানি বিনিময় নিজদেশের মাটিতে করার দাবি জানিয়েছে। পশ্চিমারা এ শর্ত প্রত্যাখ্যান করেছে।
পশ্চিমারা পরমাণু বোমা বানানোর জন্য আরও সমৃদ্ধ করা যায় এমন কোনও বস্তু ইরানে মজুদ রাখার বিরুদ্ধে।
আগামী কয়েক সপ্তাহে ইরানের ওপর জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ চায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো। ইরানের পরমাণু জ্বালানি বিনিময় নিয়ে চুক্তি করতে ব্যর্থ হয়ে তারা নিষেধাজ্ঞার জন্য চাপ দিচ্ছে।
তবে চীন নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে রয়েছে। আরও বেশি কূটনৈতিক প্রচেষ্টা নেওয়ার আহ্বান জানাচ্ছে চীন।
পশ্চিমাদের আশঙ্কা, ইরান পরমাণু বোমা বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেশে ইউরেনিয়ামের মজুদ গড়তে চাইছে। তবে ইরান এমন কোনও দুরভিসন্ধির কথা অস্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপরাস্ত বলেছেন, গঠনমূলক মিথস্ক্রিয়ার জন্য আমরা জ্বালানি বিনিময়ের জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছি। কিন্তু তা আমাদের দেশের ভেতরেই হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৪ ঘ.
bdnews24