ইসলামাবাদ, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা নওয়াজ শরীফ সোমবার নতুন করে প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।
এর মধ্য দিয়ে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ল।
যুক্তরাষ্ট্রের মিত্রদেশ পাকিস্তান তালেবান জঙ্গিদের সঙ্গে লড়ছে এবং পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে শান্তি আনার চেষ্টায় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ফলে কোনওরকম অস্থিতিশীলতার লক্ষণে পাকিস্তান সরকার নিরাপত্তা থেকে বিচ্যুত হলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তিগুলো উদ্বিগ্ন হয়ে উঠবে।
সাবেক সামরিক শাসক ও প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রেসিডেন্ট থাকাকালে পার্লামেন্ট ভেঙে দেওয়াসহ সব ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন।
২০০৮ সালের সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির জয়লাভের পর মুশাররফ পদত্যাগ করেন।
ভুট্টো এবং পাকিস্তানের আরেকটি প্রধান দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের হাতে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের লক্ষে ২০০৬ সালে 'চার্টার অব ডেমোক্র্যাসি' তে সম্মত হয়েছিলেন।
সোমবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলাপকালে ওই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন দাবি করেছেন নওয়াজ শরীফ ।
মুশাররফ প্রেসিডেন্টের হাতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে সংশোধনী এনেছিলেন তা উল্লেখ করে নওয়াজ বলেন, " আমরা চাই 'চার্টার অব ডেমোক্র্যাসি' অবিলম্বে বাস্তবায়িত হোক....... আর ১৭ তম সংশোধনী অবিলম্বে পাল্টানো হোক।"
লাহোরে গিলানির সঙ্গে বৈঠকের শেষে তিনি সাংবাদিকদের বলেন, "পার্লামেন্টের স্বার্বভৌম হওয়া উচিত এবং বিচারবিভাগ স্বাধীন হওয়া উচিত।"
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অবশ্য ওই সনদ বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্র"তি দিয়েছেন। তবে সমালোচকরা বলছেন, জারদারি নামমাত্র প্রেসিডেন্ট হয়ে থাকতে চান না। ফলে তিনি ওই দাবি মেনে নিতে গড়িমসি করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৩ ঘ.
bdnews24