২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর বিমান হামলায় ৩৩ বেসামরিক আফগান নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে ন্যাটো বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৩ বেসামরিক আফগান নিহত ও ১১ জন আহত হয়েছে। আফগান সরকার সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 10:42 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

কান্দাহার, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে ন্যাটো বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৩ বেসামরিক আফগান নিহত ও ১১ জন আহত হয়েছে। আফগান সরকার সোমবার একথা জানিয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (ইসাফ) এক বিবৃতিতে জানিয়েছে, রোববার উরুজগানে ন্যাটোর হামলায় বেসামরিক আফগান নিহত হয়েছে। তবে তারা নিহতের সংখ্যা জানাতে পারেনি। বেসামরিক আফগান নিহত হওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আফগানিস্তান সরকার ও বিদেশি বাহিনীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইসাফের বিবৃতিতে ন্যাটো কমান্ডার মার্কিন জেনারেল স্টানলি ম্যাকক্রিস্টাল বলেন, "আমি স্পষ্ট করে জানাতে চাই আমরা এখানে আফগানিস্তানের জনগণকে রক্ষা করতে এসেছি। তবে অসাবধানতাবশত: আমাদের হামলায় বেসামরিক আফগান হতাহত হওয়ায় আমাদের অভিযানের ওপর আফগানদের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে।" আফগান মন্ত্রিসভা এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে এ ইঙ্গিত পাওয়া গেছে যে, ন্যাটো রোববার তিনটি যানের একটি বহরে গুলি চালিয়েছে। এতে ৩৩ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪ জন নারী ও একজন শিশু। আহত হয়েছে ১২ জন। এর আগে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জামারি বাশারি হামলায় নারী ও শিশুসহ ২১ জন নিহত ও ১১ জন আহত হওয়ার কথা জানান। তিনি বলেন, "জঙ্গি আছে সন্দেহ করে ইসাফ বাহিনী কতগুলো বেসামরিক যানবাহন লক্ষ্য করে বোমা হামলা চালায়।" উরুজগান প্রাদেশিক পরিষদের প্রধান রয়টার্সকে জানান, প্রদেশের চর চেনো জেলার মধ্য দিয়ে তিনটি মিনি বাসে করে ওই আফগানরা যাচ্ছিল। এ হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে ইসাফ জানিয়েছে। তবে এ ঘটনা 'অপারেশন মোস্তারাক' এর অংশ নয়। ন্যাটো বাহিনী হেলমান্দে তালেবান নির্মূলের উদ্দেশ্যে অপারেশন মোস্তারাক নামে একটি অভিযান শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৩৫৪ ঘ.