২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের বিমান বাহিনীর সহায়তা প্রয়োজন : যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সরকার বলেছে, তাইওয়ানের যে কয়টি যুদ্ধ বিমান আছে সামরিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে লড়াইয়ে জন্য তা অপ্রতুল। এ কারণে তাইওয়ানের বিমান বাহিনীর সহায়তা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 10:16 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

তাইপে, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সরকার বলেছে, তাইওয়ানের যে কয়টি যুদ্ধ বিমান আছে সামরিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে লড়াইয়ে জন্য তা অপ্রতুল। এ কারণে তাইওয়ানের বিমান বাহিনীর সহায়তা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের এ বক্তব্যের ফলে এটাই প্রতীয়মান হচ্ছে যে, যুক্তরাষ্ট্র দেশটির কাছে নতুন করে অস্ত্র বিক্রি করবে এবং তাতে চীন নিশ্চিত ক্ষুব্ধ হবে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এক প্রতিবেদনে জানায়, তাইওয়ানের প্রায় ৪০০ টি যুদ্ধ বিমান আছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব ও পুরনো হয়ে যাওয়ায় এগুলোর মধ্যে অনেক বিমানই কাজে লাগানো সম্ভব হবে না। কিন্তু তাইওয়ানের বিমানবন্দর ও আকাশ রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেদনটি তাইওয়ানে সোমবার প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে লড়াই হলে তাইওয়ান জঙ্গি বিমানের অভাব বোধ করবে। চীন শক্তিশালী হয়ে ওঠায় তাইওয়ানের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাইওয়ানে প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র একইসঙ্গে চীনের সঙ্গেও সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাইওয়ানে অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা ঘোষণা করেন। অস্ত্র বিক্রির সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর ওপর অনির্দিষ্ট কালের জন্য অবরোধ আরোপ করা হবে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন। প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের চেয়ে চীনের পিপলস লিবারেশন আর্মির গুণগতমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জঙ্গি বিমান অনেক বেশি। যার ফলে লড়াইয়ে আকাশ সীমায় পিআরসি'র নিয়ন্ত্রণকে অস্বীকার করতে পারবে না তাইওয়ান। তাইওয়ান যুক্তরাষ্ট্রে তৈরি ৬৬টি নতুন এফ-১৬ জঙ্গি বিমান কেনার প্রস্তাব দিয়েছে। তবে চীনের ক্ষোভকে আমলে নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা প্রয়োজনীয়তা মূল্যায়ন করে দেখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এ প্রতিবেদন ব্যবহার করে কংগ্রেস তাইওয়ানের কাছে এফ-১৬ বিক্রির জন্য পেন্টাগনকে চাপ দিতে পারে বলে জানিয়েছেন 'ডিফেন্স নিউজ' এর এশিয়া ব্যুরো চিফ ওয়ান্দেল মিন্নিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১৬০০ঘ.