ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের সিনেট এ সপ্তাহে জলবায়ু পরিবর্তন রোধ বিল পাসের শেষ চেষ্টা নিচ্ছে। বিলটি পাসের সময় ফুরিয়ে আসছে এবং এটি নিয়ে এখনও অনেক মতপার্থক্য রয়ে গেছে সেকথা মাথায় রেখেই এ উদ্যোগ নিচ্ছে আইনপ্রণেতারা।
কার্বনডাই অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোই বিল পাসের উদ্দেশ্য। কার্বন নির্গমন কমানোর বেশ কয়েকটি বিকল্প পথ সিনেটরদের সামনে পেশ করা হবে বলে জানিয়েছেন এক সিনেট সহযোগী।
তিনি জানান, তিন সিনেটর ডেমোক্র্যাট জন কেরি, স্বতন্ত্র জেসেফ লিবারম্যান এবং রিপাবলিকান লিন্ডসে গ্রাহামের কাছে এই বিকল্পগুলো পেশ করা হবে।
দেশের অভ্যন্তরে বিশ্ব উষ্ণায়ন মোকাবেলার লড়াইয়ে বিল পাসের চেষ্টায় সামনের সারিতে আছেন এই তিন সিনেটর।
সিনেটের ওই সহযোগী বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু পরিবর্তণ রোধে পরমাণু জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়ার পর সিনেটের জলবায়ু বিল পাসের উদ্যোগ গতি পেয়েছে।
ওবামা গত সপ্তাহে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য অর্থ সহায়তা হিসেবে ৮ শ ৩০ কোটি ডলার ঋণ নিশ্চয়তা ঘোষণা করেছেন।
বিল পাসের শেষ চেষ্টায় ওই তিন সিনেটরের সফলতা কিংবা ব্যর্থতার ব্যাপক প্রভাব পড়বে জলবায়ু পরিবর্তন রোধে কার্বন নির্গমণ হ্রাসের আন্তর্জাতিক প্রচেষ্টায়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচন হবে ২ নভেম্বর। ফলে সিনেট তার আগে এ বছরের মাঝামাঝি নাগাদ জলবায়ু বিল পাস করতে না পারলে যে কোনও কিছুতেই কংগ্রেসের অগ্রযাত্রা ব্যাহত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৪ ঘ.
bdnews24