কাবুল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের প্রতি শান্তি আলোচনায় বসার যে আহবান জানিয়েছেন তা রোববার প্রত্যাখ্যান করেছে তালেবান।
হেলমান্দ প্রদেশে তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ব্যাপক অভিযান এবং দ্বিতীয় শীর্ষ নেতা ধরা পরায় তালেবান বেশ চাপের মুখে রয়েছে। এর মধ্যেও প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচনার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করলো।
হামিদ কারজাই শনিবার পার্লামেন্টে ভাষণে শান্তি প্রস্তাব গ্রহণ করার জন্য নতুন করে তালেবানের প্রতি আহবান জানান।
এর আগে গত জানুয়ারিতে লন্ডনে আফগানিস্তান বিষয়ক এক সম্মেলনে দাতা দেশগুলো তালেবানের সঙ্গে কারজাইয়ের শান্তি আলোচনার পরিকল্পণাকে সমর্থণ করে।
এর পরই কারজাই তালেবানের প্রতি শান্তি আলোচনায় বসার আহবান জানান। কিন্তু তালেবান তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, আগে বিদেশি সৈন্যদেরকে আফগানিস্তান থেকে চলে যেতে হবে।
তা সত্ত্বেও শান্তি আলোচনার বিষয়ে কিছু আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রেসিডেন্ট কারজাইয়ের রোববার দেওয়া শান্তি আলোচনার প্রস্তাবের জবাবে তালেবানের মুখপাত্র ক্বারি মোহাম্মদ ইউসুফ বলেন, কারজাই একটা পুতুল। সে একটা সরকার বা একটা জাতির প্রতিনিধিত্ব করতে পারে না।
মোহাম্মদ ইউসুফ বলেন, কারজাই দুর্নীতিতে নিমজ্জিত এবং যুদ্ধবাজদের দ্বারা পরিবেষ্টিত। এই যুদ্ধবাজরা নিজেরা ধন সম্পদের মালিক হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৫৩৭ঘ.
bdnews24