২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশনারি মামলা তদন্তে ডোমিনিকান রিপাবলিকে যাচ্ছেন হাইতির বিচারক

সত্যি সত্যিই মার্কিন মিশনারিরা এতিমখানা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কি-না, সে বিষয়টি খতিয়ে দেখতে হাইতির তদন্তকারী বিচারক প্রতিবেশী দেশটিতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 07:35 AM

Updated : 24 Aug 2022, 06:57 PM

পোর্ট অ প্রিন্স, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সত্যি সত্যিই মার্কিন মিশনারিরা এতিমখানা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কি-না, সে বিষয়টি খতিয়ে দেখতে হাইতির তদন্তকারী বিচারক প্রতিবেশী দেশটিতে যাচ্ছেন। তিনি ফিরে না আসা পর্যন্ত শিশু অপহরণের অভিযোগে এখনও আটক দুই মার্কিন মিশনারিকে হাইতির জেলে থাকতে হবে। শুক্রবার এক বিচারক এ কথা জানিয়েছেন। বিচারক বার্নার্ড সেনভিল জানান, তিনি মার্কিন মিশনারি লরা সিলসবি এবং চ্যারিসা কুল্টারের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চাইছেন। গত ১২ জানুয়ারি ভয়াবহ এক ভূমিকম্পে হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স ধ্বংসস্তুপে পরিণত হয়। মারা যায় ২ লাখেরও বেশি মানুষ, আহত হয় আরও ৩০ লাখ এবং আশ্রয়হীন হয় অগণিত মানুষ। এর সতের দিন পর ৩৩ জন শিশু নিয়ে ডোমিনিকান রিপাবলিকের সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয় লরা সিলসবি ও চ্যারিসা কুল্টারসহ দশ জন মার্কিন মিশনারির দলটি। তাদের বিরুদ্ধে শিশু অপহরণ ও পাচারের অভিযোগ আনা হয়। কিন্তু শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে তারা। গত বুধবার হাইতির আদালত আট মিশনারিকে ছেড়ে দিলেও লরা সিলসবি ও চ্যারিসা কুল্টারকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখার আদেশ দেয়। বিচারক জানান, মুক্তি পাওয়া আট মিশনারির বিরুদ্ধে শিশু অপহরণ এবং অপরাধমূলক কাজের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেনভিল শুক্রবার সাংবাদিকদের বলেন, "মামলাটির বিষয়ে বিশদ জানতে আগামীকাল আমি ডোমিনিকান রিপাবলিকে যাচ্ছি। সেইসঙ্গে মিসেস সিলসবি যেখানে তার এতিমখানা ছিল বলে দাবি করেছেন সেটিও পরিদর্শন করব। আমি সেখানকার কিছু মানুষের সঙ্গে কথাও বলতে চাইছি, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩২০ঘ.