ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় বড় ধরনের হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের নেতা জালাউদ্দিন হাক্কানির ছেলে নিহত হয়েছে। এ তালেবান দলটি আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।
নিরাপত্তা কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী পশতুন আদিবাসী অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় হাক্কানি জঙ্গি নেটওয়ার্কের মালিকানাধীন একটি কম্পাউন্ডে। এতে তিনজন নিহত হয়।
আফগানিস্তানে কয়েকটি বড় ধরনের হামলা চালানো আল-কায়েদা সংশ্লিষ্ট হাক্কানি নেটওয়ার্কের প্রধান জালাউদ্দিন হাক্কানির ছেলে মোহাম্মদ হাক্কানি নিহতদের মধ্যে রয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা একথা বলেছেন।
তবে হাক্কানির আরেক ছেলে সিরাজুদ্দিন হাক্কানিকে হত্যা করাই যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার সবচেয়ে বড় লক্ষ্য। ৭০ বছর বয়সী জালালউদ্দিন হাক্কানি তার নেতৃত্বভার সিরাজুদ্দিনের হাতে তুলে দিয়েছেন।
মোহাম্মদ হাক্কানি সিরাজুদ্দিন হাক্কানির ছোট ভাই। তিনিই (মোহাম্মদ) ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৩ ঘ.
bdnews24