অস্টিন, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক হতাশ ব্যক্তি যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে ট্যাক্স অফিসে বৃহস্পতিবার একটি ছোট্ট বিমান নিয়ে আঘাত হানেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, সম্ভবত এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা।
বিমানটি সাত তলা দালানে আঘাত হানে। এ ঘটনায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। বিমান চালককে মৃত পাওয়া যায়। নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করে জানায়, বিমান চালকের নাম জোসেফ এন্ড্রু স্ট্যাক।
এ ঘটনা নতুন করে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আশঙ্কা তৈরি করেছে এবং বেসরকারি বিমানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
হোয়াইট হাউস জানায়, এ ঘটনার সঙ্গে বিদেশি সন্ত্রাসীদের যোগসাজশ থাকতে পারে-এমন কথা বিশ্বাস করার কারণ নেই। প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
অস্টিন পুলিশ প্রধান আর্ট আচেভেডো বলেন, "সম্ভবত উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও ব্যক্তি একাই এ হামলা চালিয়েছে।"
টেক্সাস থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল ম্যাককাউল এটিকে ফেডারেল ভবনের ওপর একটি উদ্দেশ্যপ্রণোদিত ও ইচ্ছাকৃত হামলা হিসাবে অভিহিত করেন।
ইন্টারনেটে পাঠানো জো স্ট্যাকের স্বাক্ষর করা অসংলগ্ন এক চিরকূটে জানা যায়, তার সঙ্গে আভ্যন্তরীণ রাজস্ব বিভাগের ঝামেলা চলছিল। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
চিরকূটে লেখা ছিল,"ভালো, মিস্টার বিগ ব্রাদার আইআরএস ম্যান, চলুন একটু ভিন্ন কিছু করি; এই নিন আমার মাংসের পাউন্ড এবং ভালো করে ঘুমান।"
স্ট্যাক তার চিরকূটে অভিযোগ করেন, গত বছর তিনি কোন আয় করতে পারেননি। এর পর থেকেই মার্কিন কর কর্মকর্তারা তার সঙ্গে বৈরী আচরণ করছে। তিনি আরও জানান, তথ্য প্রমাণবিহীন তার কিছু আয় নিয়েও তিনি সমস্যায় ছিলেন।
তবে ১৮ ফেব্র"য়ারি লেখা এ চিরকূটের সত্যাসত্য এবং এর লেখক আদৌ স্ট্যাকই কীনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানায়, বিমান চালক স্ট্যাক তার অস্টিনের বাড়িতে অগ্নিসংযোগ করার পর বিমান নিয়ে উড়ে যায় ফেডারেল বিল্ডিংয়ের ট্যাক্স অফিসে। বিমানটি ট্যাক্স অফিসে বিধ্বস্ত হয় স্থানীয় সময় সকাল ১০ টার দিকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩১৪ঘ.
bdnews24