ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হেলমান্দ প্রদেশের মারজাহ এলাকায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী তালেবানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। তালেবান যোদ্ধারাও তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে।
ন্যাটো বাহিনীর একজন কমাণ্ডার বৃহস্পতিবার জানান, মারজাহ এলাকায় সৈন্যরা তালেবান অবস্থান লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ করে। তালেবান যোদ্ধারাও পাল্টা হামলা করছে এবং প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে।
পেন্টাগন এ লাড়াইয়ে জয়ের ব্যাপারে সতর্কভাবে প্রত্যাশা ব্যক্ত করেছে। তবে বলেছে, তালেবান যোদ্ধারা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে মনে হচ্ছে তারা জীবন বাজি রেখে লড়াই করছে। লড়াই কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। মারজাহ এলাকা ন্যাটোর নিয়ন্ত্রণে আসতে এক মাস লাগতে পারে।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মোরেল বলেন, তালেবান যে প্রতিরোধ গড়ে তুলেছে তা সংঘবদ্ধ বলে মনে হচ্ছে না। কিন্তু তারা মারজাহ এলাকায় অবস্থান করছে এবং ওই এলাকার নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে।
বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর চার সৈন্য নিহত হয়। শনিবার ন্যাটো বাহিনীর অভিযান শুরু হওয়ার পর এই নিয়ে তাদের নিহত সৈনিকের সংখ্যা দাড়ালো ৯। ন্যাটো সেনারা তালেবানের চোরাগুপ্তা হামলা এবং পেতে রাখা বোমার সন্মুখীন হচ্ছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটো বাহিনীর ব্রিটিশ কমান্ডার মেজর জেনারেল নিক কার্টার বলেন, লড়াই কেবল শুরু হয়েছে। ধীরে ধীরে যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি হচ্ছে। তিনি আরও বলেন, তালেবান যোদ্ধারা প্রচলিত লড়াই ছাড়াও আত্মঘাতী হামলার কৌশল গ্রহন করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৫০ঘ.
bdnews24