তংগ্রিন, চীন, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের আপত্তি উপেক্ষা করে তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ঘটনায় চীন বৃহস্পতিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
প্রেসিডেন্ট ওবামা বৃহস্পতিবার হোয়াইট হাউসে দালাই লামার সঙ্গে বৈঠক করেন।
চীন শুরু থেকেই এই বৈঠকের বিরোধিতা করেছে। বৈঠকের পর চীন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, এই বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওসু এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র এই বৈঠকের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। চীনের জনগনের অনুভুতিতে আঘাত করেছে এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষতি করেছে।
ওবামা-দালাই লামা বৈঠকের পর চীনা কর্তৃপক্ষ বেইজিংয়ে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এই বৈঠকের ব্যাপারে অভিযোগ জানায়।
এদিকে এ বৈঠককে স্বাগত জানাতে আতঁশবাজি পুড়িয়ে উৎসব করেছে তিব্বতিরা। চীনের শিংঘাই প্রদেশের তংগ্রেনের বৌদ্ধ ভিক্ষুরা জানিয়েছে, তারা ওয়াশিংটনের ওই বৈঠক উপলক্ষ্যে উৎসব করছে।
ওবামার সঙ্গে দালাই লামার বৈঠক নিয়ে ভিক্ষু জোহকাং বলেন, "আমি খুবই আনন্দিত। চীনের হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আমাদের নেতার সঙ্গে বৈঠক করেছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।"
শিংঘাইকে তিব্বতিরা আমদো বলে থাকে। এ প্রদেশে ১৯৩৫ সালে দালাই লামা জন্মগ্রহণ করেন। চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর ১৯৫৯ সালে পালিয়ে নির্বাসনে যান দালাই লামা। এর পর থেকে তিনি তিব্বতের স্বায়ত্তশাসনের জন্য প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২১৮ঘ.
bdnews24