ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ু পরিবর্তন রোধে পরমাণু জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। যুক্তরাষ্ট্রে পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য অর্থ সহায়তা হিসেবে তিনি মঙ্গলবার ৮৩০ কোটি ডলার ঋণ নিশ্চয়তা ঘোষণা করেছেন।
মার্কিন জ্বালানি খাতকে ঢেলে সাজানোর প্রস্তাবে রিপাবলিকানদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে লড়াই এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য আমাদের পরমাণু বিদ্যুত উৎপাদন বাড়ানোর প্রয়োজন।
বারাক ওবামা যে ঋণ নিশ্চয়তার ঘোষণা দিয়েছেন তা জর্জিয়া অঙ্গরাজ্যে একটি পরমাণু কেন্দ্রে দুটি চুল্লি নির্মাণে সহায়তা হিসেবে দেওয়া হবে। চুল্লি নির্মাতা প্রতিষ্ঠান সাউদার্ন কোম্পানিকে আর্থিক সহায়তা করার জন্য এ অর্থ দেওয়া হবে।
বিশেষজ্ঞদের ধারণা, চুল্লি দুটি নির্মাণে ব্যয় হবে ৮৮০ কোটি ডলার এবং ২০১৬ থেকে ২০১৭ নাগাদ এগুলো উৎপাদনে যেতে সক্ষম হবে।
মেরিল্যান্ডের ল্যানহামে ইউনিয়ন এডুকেশন সেন্টার পরিদর্শনের পর তিনি বলেন, গত ৩০ বছরে আমরা নতুন কোনো পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণ করিনি। কিন্তু আমাদের দেশে জ্বালানির প্রধান উৎসই হচ্ছে পরমাণু শক্তি যা থেকে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ কার্বন গ্যাস নিঃসরণ হয় না।
ওবামা বলেন, আমাদের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর জন্য এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করার জন্য পরমাণু বিদ্যুত সরবরাহ বাড়ানোর প্রয়োজন পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১১৪২ঘ.
bdnews24