২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে মার্কিন মিশনারি মামলায় জটিলতা

ভূমিকম্প বিধ্বস্ত হাইতি থেকে শিশু অপহরণ এবং পাচার চেষ্টার অভিযোগে আটক ১০ মার্কিন মিশনারি মামলায় নতুন প্রশ্ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 09:58 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

পোর্ট অব প্রিন্স, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভূমিকম্প বিধ্বস্ত হাইতি থেকে শিশু অপহরণ এবং পাচার চেষ্টার অভিযোগে আটক ১০ মার্কিন মিশনারি মামলায় নতুন প্রশ্ন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ১০ মার্কিনির আইনি উপদেষ্টা জর্জ পুয়েলো নিজেই মানব পাচারের সন্দেহে এল সালভাদরে তদন্তনাধীন--গণমাধ্যমের এমন খবরের ভিত্তিতে মামলাটি তদন্তকারী হাইতির বিচারক বলেছেন, বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হবে। এতে করে ১০ মার্কিনির মুক্তি প্রক্রিয়ায় নতুন করে জটিলতা দেখা দিল। বিচারক বার্নার্ড সেনভিল গত সপ্তাহেই বলেছিলেন যে, শিশু পাচারের ঘটনায় মিশনারিদের কোনও কুউদ্দেশ্য খুঁজে না পাওয়ায় শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু এরই মধ্যে নতুন প্রশ্ন দেখা দিয়েছে পুয়েলোকে নিয়ে। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় দ্বীপ দেশগুলোর নারী ও কন্যাশিশুদের বেশ্যাবৃত্তিতে বাধ্য করে যে পাচারকারী চক্র, তার হোতা ডোমিনিকান রিপাবলিকের নাগরিক জর্জ পুয়েলোই কি-না, সেটাই খতিয়ে দেখছে এল সালভাদর কর্তৃপক্ষ। গত মাসে হাইতিতে আটক হওয়া মিশনারিদের বেশির ভাগই ইদাহো- ভিত্তিক ব্যাপ্টিস্ট গির্জার। গ্রেপ্তারের পর থেকেই তারা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, ভূমিকম্প বিধ্বস্ত হাইতির এসব ছিন্নমূল এতিম বাচ্চাকে সাহায্য করতেই তারা এগিয়ে গিয়েছিলেন। তবে সেনভিল রয়টার্সকে বলেন,"পুয়েলোর ব্যাপারটি জানার পর আমি আরেকটু গভীরভাবে বিষয়টি তদন্ত করে দেখতে চাইছি।" তিনি জানান, হাইতির এতিম শিশুদের আশ্রয় দিতে ডোমিকান রিপাবলিকে গড়ে তোলা এতিমখানার মালিক মার্কিন সংস্থাটির নেতা লরা সিলসবির সঙ্গে পুয়েলোর আসলেই কোনও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কি-না সেটিও খতিয়ে দেখা হবে। রিখটার স্কেলে সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স লন্ডভন্ড হয়ে যায়। প্রাণ হারায় দুই লাখেরও বেশি মানুষ। আহত হয় আরও ৩০ লাখ এবং আশ্রয়হীন হয় অসংখ্য মানুষ। এ রকম একটি ভয়াবহ ঘটনার ১৭ দিন পর ৩৩ জন শিশুকে নিয়ে ডোমিনিকান রিপাবলিক সীমান্তের কাছে ধরা পড়ে ১০ মার্কিনির ওই দলটি। তাদের বিরুদ্ধে অপহরণ ও শিশু পাচারের অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৫৬ ঘ.