২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানের শীর্ষ সামরিক নেতা গ্রেপ্তার

তালেবানের শীর্ষ সামরিক নেতা মোল্লা আব্দুল গনি বারাদার গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 07:33 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানের শীর্ষ সামরিক নেতা মোল্লা আব্দুল গনি বারাদার গ্রেপ্তার হয়েছেন। পাকিস্তান ও মার্কিন গোয়েন্দারা করাচি থেকে তাকে গ্রেপ্তার করে বলে সোমবার 'নিউ ইয়র্ক টাইমস' জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা বারাদার গ্রেপ্তারের খবর জানালেও তালেবান বলছে, তাদের নেতা গ্রেপ্তার হয়নি। এর আগে পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদ ও হেকিমুল্লাহ মেহসুদ বিমান হামলায় মারা গেলেও দলটি প্রথমে তা অস্বীকার করেছিলো। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, মোল্লা বারাদারকে গ্রেপ্তারের পর তাকে পাকিস্তানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদপত্রটি অভিযানের তথ্য বৃহস্পতিবার জানতে পেরেছে বলেও জানিয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে আটক করা হলো। মোল্লা বারাদারকে গ্রেপ্তারে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ একসঙ্গে কাজ করে বলে নিউ ইয়র্ক টাইসের প্রতিবেদনে বলা হয়। তালেবান-এ মোল্লা ওমরের পরই মোল্লা বারাদারের অবস্থান। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার আগে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি। জিজ্ঞাসাবাদে মোল্লা বারাদার মুখ খুলেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি নিউ ইয়র্ক টাইমস। তবে বারাদারের গ্রেপ্তারে তালেবান শীর্ষ নেতাদের গ্রেপ্তার ত্বরান্বিত করবে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছে। বারাদারের কাছ থেকে মোল্লা ওমরের অবস্থান জানার আশাও করছে তারা। তবে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউজ এবং সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাৎক্ষণিকভাবে পেন্টাগন থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২২৩ ঘ.